এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর
ফাইল ছবি
কয়েকদিন আগে মিয়ানমারকে কেন্দ্র করে ভূমিকম্পে কেঁপে উঠেছিল চট্টগ্রাম। এবার ভারতের হিমালয়কন্যা সিকিমে সংঘটিত ভূমিকম্পে বাংলাদেশের রংপুর বিভাগের কয়েকটি জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত কয়েক ঘণ্টায় ভারতের সিকিমে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ বার কম্পনে কেঁপে ওঠে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা।
এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশের রংপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুর জেলাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকায়।
বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬।
এরপর রাত ২টা ২০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন অনুভূত হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ থেকে ১০ কিলোমিটারের মধ্যে। অগভীর হওয়ার কারণে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।
আরও পড়ুন: জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল জালিয়াতি’, প্রেসমালিকের স্বীকারোক্তি
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ একটি ‘ফল্ট লাইনে’ অবস্থিত। ফলে বড় ভূমিকম্পের পর ধারাবাহিকভাবে ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক ঘটনা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








