News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল জালিয়াতি’, প্রেসমালিকের স্বীকারোক্তি

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল জালিয়াতি’, প্রেসমালিকের স্বীকারোক্তি

প্রিন্টিং প্রেসের মালিক সোহেল রানা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রিন্টিং প্রেসের মালিক সোহেল রানা (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি এক জামায়াত নেতার নির্দেশে এসব সিল তৈরি করেছেন বলে জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তিনি ভোটের সিল তৈরির নির্দেশদাতার নামও প্রকাশ করেন।

সোহেল রানা লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং শহরের পুরোনো আদালত রোডে অবস্থিত মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

এর আগে মঙ্গলবার বিকেলে মারইয়াম প্রেসে অভিযান চালিয়ে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার ও একটি মুঠোফোন জব্দ করে পুলিশ। এ সময় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ গণমাধ্যমকে জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে। গত ৩০ জানুয়ারি সৌরভ হোসেন তার হোয়াটসঅ্যাপে সিল তৈরির অর্ডার দেন। এরপর তিনি সিলগুলো তৈরি করেন।

স্বীকারোক্তিতে উল্লেখ করা সৌরভ হোসেন ওরফে শরীফ (৩৪) লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

এদিকে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সৌরভ হোসেনকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই সৌরভকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ভোটারদের ‘ভোট দেওয়া শেখানোর’ উদ্দেশ্যে সিলগুলো তৈরি করিয়েছেন বলে দাবি করেছেন। তবে এটি ছিল দায়িত্বহীন কাজ। যার প্রেস থেকে সিল উদ্ধার হয়েছে, তিনি জামায়াতের কোনো কর্মী নন।

এদিকে ভোটের সিলসহ সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিলসহ যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি জামায়াতের কর্মী বলে জানা গেছে। একটি কম্পিউটারসহ ছয়টি সিল জব্দ করা হয়েছে। এর পেছনে পরিকল্পিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: রাজধানীতে একই বাসা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

বিএনপির সংবাদ সম্মেলনের পর একই দিন রাত ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম বলেন, ভোটের সিল উদ্ধারের ঘটনায় জামায়াতকে জড়িয়ে বিএনপি মিথ্যাচার করছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহেদ পারভেজ জানান, স্বীকারোক্তির পর সিল তৈরির পেছনের উদ্দেশ্য এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জব্দ করা আলামত পর্যালোচনা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়