News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

শেরেবাংলা নগরে নব্য জেএমবি সদস্য গ্রেফতার

শেরেবাংলা নগরে নব্য জেএমবি সদস্য গ্রেফতার

ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ‘এহসার’ (পূর্ণকালীন) সদস্য আহসান জহীর খানকে (৫০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডিএমপির ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি ও সিটিটিসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ আহত ৮

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আহসান জহীর খান নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি এবং তার পলাতক সহযোগীরা সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা, রাষ্ট্রীয় বা প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়েছিলেন।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, আহসান ও তার সহযোগীরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিন্ন ভিন্ন ছদ্মনামে গ্রুপ চ্যাট, ব্যক্তিগত যোগাযোগ ও চ্যানেলের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতেন। এসব মাধ্যম ব্যবহার করে তারা উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সিটিটিসি জানিয়েছে, এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়