রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ আহত ৮
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার ওয়ারীতে অবস্থিত ‘পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানার বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টের রান্নাঘরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাহ আলাম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।
প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়রা ও পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। ৬ জন আহত ও ২ জন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, দগ্ধদের মধ্যে কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫
ওয়ারী থানার পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ও আহতদের দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








