News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ২৮ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর শাহবাগে ‘জুলাই ৩৬’ স্তম্ভের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিন দুপুর ১২টার দিকে ইনকিলাব মঞ্চের ব্যানারে আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা হাদি হত্যার বিচার এবং জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল সীমিত হয়ে পড়ে।

আন্দোলনরত নেতৃবৃন্দ জানান, যতক্ষণ পর্যন্ত খুনিরা গ্রেফতার না হবে, ততক্ষণ তারা শাহবাগ থেকে সরবেন না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন: ৮ বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

কেবল ঢাকা নয়, হাদি হত্যার বিচারের দাবিতে আজ দেশের সবকটি বিভাগীয় শহরে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। 

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বড় শহরগুলোতে আজ সকাল থেকেই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল চলছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এরপর দীর্ঘ সময় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়