News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ১১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:০৪, ১১ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়, শ্রীমঙ্গল ও ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা

পঞ্চগড়, শ্রীমঙ্গল ও ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা

ফাইল ছবি

তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গত কয়েকদিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে স্থির থাকলেও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ ছিল।

আগের দিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানিয়েছেন, উত্তর হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাসে এ অঞ্চলে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

শৈত্যপ্রবাহের কারণে রাত ও সকাল ঢেকে থাকে কুয়াশায়। দিনের শুরুতে সূর্যের দেখা মিললেও বিকেল নাগাদ তা আবার অদৃশ্য হয়ে যায়। 

স্থানীয়রা জানাচ্ছেন, গ্রামাঞ্চলে শীতের তীব্রতায় মানুষ গরম কাপড় ব্যবহার করছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষরা হঠাৎ তীব্র শীতের কারণে অতিরিক্ত কষ্টে দিন পার করছেন।

শীতের প্রকোপে পঞ্চগড়ের হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসা নিচ্ছেন মূলত শিশু ও বৃদ্ধরা, যাদের মধ্যে যারা গুরুতর অসুস্থ হচ্ছেন তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

রাজধানী ঢাকায় এই সপ্তাহে শীতের প্রভাব আরও স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। শহরের বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি বেশি থাকায় শীত আরও তীব্র মনে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে দিনের আবহাওয়া শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকবে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিমি বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯০ শতাংশ রেকর্ড করা হয়। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৫টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল সকাল ৬টা ৩২ মিনিটে সূর্যোদয় হবে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত আরও প্রকট হচ্ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় মৌসুমের সর্বনিম্ন ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার ১১.৫ এবং মঙ্গলবার ১১.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।

হঠাৎ কমে যাওয়া তাপমাত্রার কারণে হাওর অঞ্চল, চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষজন শীতে বিপাকে পড়েছেন। ভোরের দিকে শীত বেশি হলেও সূর্য ওঠার পর কিছুটা স্বস্তি আসে। 

শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, ‘সূর্য ওঠার কারণে ঠান্ডা কিছুটা কম অনুভূত হচ্ছে।’

মৌলভীবাজার আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি। ১৯৯৫, ২০০৭ ও ২০১৩ সালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়