দেশে ১.৯২ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের মজুত আছে: জ্বালানি বিভাগ
ফাইল ছবি
দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া ৭ হাজার ৯৪০ মেট্রিক অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রল ও জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।
মনির হোসেন চৌধুরী বলেন, দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই। মার্চ মাসে জ্বালানি তেল সরবরাহে কোনো সমস্যা হয়নি এবং এপ্রিলেও সংকটের আশঙ্কা নেই।
ডিজেল পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জ্বালানি বিক্রি ব্যবস্থাপনা ডিজিটাল করতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে।
জ্বালানি তেলের দাম বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। একইসঙ্গে ডিপো থেকে পাম্পে তেল সরবরাহে কোনো ঘাটতির অভিযোগ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম বেড়েছে, রুপার দামও বৃদ্ধি
তিনি আরও জানান, সোমবার সারাদেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট উদ্ধার হয়েছে ২ লাখ ৯৬ হাজার লিটার।
এছাড়া দেশে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়েও কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি








