News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৯, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

পাকিস্তান সিরিজে চোখ ‘ব্যর্থ’ মুমিনুলের

পাকিস্তান সিরিজে চোখ  ‘ব্যর্থ’ মুমিনুলের

 

ঢাকা: পাকিস্তান সিরিজের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার মাঠে নেমেছেন টাইগার শিবিরের অন্যতম প্রতিমুখ মুমিনুল হকও। বিশ্বকাপ হতাশা কাটিয়ে আসন্ন সিরিজে আবারো নিজের সেরা রূপে ফিরতে চান বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। দলে পাকা করতে চান নিজের আসন।

এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতে অনুশীলন শুরুর আগে মুমিনুল হক বলেন,“পাকিস্তান সিরিজে দলের সেরা একাদশে নিজেকে ফেরাতে ইতোমধ্যেই কাজ শুরু করেছি। চেষ্টা করছি কীভাবে উন্নতি করা যায়। কোচের সাথে কথা বলেছি, নিজেও চেষ্টা করছি। আশা করছি সামনে ভালো কিছু করতে পারব।”

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন মুমিনুল। কিন্তু সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ব্যাট হাতে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি তিনি। তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজেই নিজের চেনা রুপে ফেরার পণ করেছেন কক্সবাজারের ক্রিকেটার। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মুমিনুলের দৃপ্ত উচ্চারণ,“আমি নিজেকে কখনও সেরা টেস্ট ব্যাটসম্যান মনে করিনা। তবে চেষ্টা করছি ওয়ানডেতে কীভাবে নিজের সেরাটা বের করে আনা যায়। যেখানেই ব্যাট করি বড় ইনিংস খেলার চেষ্টা করব।”

পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ দল কতোটা প্রস্তুত- এমন প্রশ্ন মুমিনুল হক বলেন,“আমরা বিশ্বকাপে ভালো খেলেছি। টিমের সবাই ভালো খেলার জন্য উৎসুক হয়ে আছে। আমার বিচারে আমরাই পাকিস্তানের চেয়ে এগিয়ে। এজন্য আত্মবিশ্বাসও আছে।” ১৯৯৯ সালের পর আমরা এখনও পাকিস্তানকে হারাতে পারিনি। এবার কি সেই ঝট খুলবে- এমন প্রশ্নে মুমিনুলের জবাব, “আমি আগের কথা বলতে চাইনা। আমরা কিন্তু দিন দিন উন্নতি করছি। আশা করছি খুব ভালো ক্রিকেট হবে। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।”

পাকিস্তান সিরিজে নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে মুমিনুল বলেন,“সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। ওয়ানডেতে হয়তো আমার কোনো সমস্যা হচ্ছে তাই ভালো করতে পারছি না। আসলে এসব নিয়ে চিন্তা করছি না। ভালো খেললে যে কোনো জায়গাতেই ভালো খেলা যায়। আমি এখন ওয়ানডে খেলার মতো ব্যাটিং করার চেষ্টা করছি। ” টেস্টে দারুণ ধারাবাহিকতা দেখালেও ওয়ানডে ক্রিকেটে এখনও স্থায়ী না হতে পারার কারণ নিয়ে বাংলাদেশ দলের এই ক্রিকেটার বলেন,“আসলে এতো সব নিয়ে চিন্তা করছি না। ভালো খেলতে পারলে দলে স্থায়ী হতে পারব। সুযোগ পেলে ভালো কিছু করেই ওয়ানডেতে স্থায়ী হতে চাই। আসলে ভালো খেললে ভালো লাগে। অন্যদিকে খারাপ খেললে খারাপ লাগাটাও স্বাভাবিক।”

হোম সিরিজের আগে নিজের আত্মবিশ্বাস নিয়ে মুমিনুল বলেন,“বিসিএলের ফাইনালের ম্যাচটি ভালো হয়েছে। আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই মুহূর্তে আমার এমন একটি নক দরকার হয়ে পড়েছিল। এবার চেনা মাঠে খেলা হওয়ার অনেক সুবিধা হবে। তাছাড়া মানসিক দিক দিয়েও এটা ইতিবাচক প্রভাব রাখবে।”প্রসঙ্গত, সোমবারের বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব আল হাসান ও রুবেল হোসেন ছাড়া দলের বাকি সবাই উপস্থিত ছিল।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়