News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৬, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী সাকিব

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী সাকিব

ঢাকা: বিসিসিআইয়ের অপসারিত সভাপতি এন শ্রীনিবাসন ও মুস্তফা কামালের মধ্যকার সংঘাত ইস্যুতে কোনো কথা বলতে রাজি নন সাকিব আল হাসান। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর ভারতের বাংলাদেশ সফর নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের বিশ্বসেরা ক্রিকেটার।

আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর মুস্তফা কামাল দাবি করেছিলেন, বিতর্কিত ব্যক্তির করতলে বেআইনিভাবে পরিচালিত হচ্ছে আইসিসি। শ্রীনিবাসনের নাম উচ্চারণ না করেও সাবেক বিসিসিআই প্রধানকে ধুঁয়ে দিয়েছিলেন তিনি। এরপর বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে আম্পায়ারিংয়েরও সমালোচনা করেছিলেন সাবেক বিসিবি প্রধান।

এই বিষয়গুলো উত্থাপন করে প্রশ্ন করা হলে সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে অপরাগতা প্রকাশ করেন সাকিব। তবে টাইগারদের বিশ্বকাপ পারফরম্যান্স ও ভারতের বাংলাদেশ সফর নিয়ে বেশ উৎসাহী মনে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। মঙ্গলবার কলকাতায় এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারত বাংলাদেশ সফরে যাবে। কোনো নেতিবাচক কিছু আমার মনে আসছেই না।”

বিশ্বকাপ নিজেদের পারফরম্যান্স নিয়ে সাকিবের বক্তব্য, “সবসময় দারুণ সমর্থন পেয়ে এসেছি। আসলে গোটা বিশ্বকাপ জুড়ে ধারাবাহিকতা দেখাতে পেরেছি আমরা। হ্যাঁ, আমরা সব ম্যাচ জিততে পারিনি। কিন্তু প্রত্যেক ম্যাচেই ভালো প্রতিদ্বন্দ্বীতা তৈরি করতে পেরেছি। এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো একটি বিজ্ঞাপন।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়