News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৫, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৭, ১৯ জানুয়ারি ২০২০

অ্যাওয়ে ম্যাচে টানা চতুর্থ হার ম্যানসিটির

অ্যাওয়ে ম্যাচে টানা চতুর্থ হার ম্যানসিটির

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার ক্ষেত্রে আরো বেকায়দায় ম্যানচেস্টার সিটি।

প্রতিপক্ষের মাঠে গিয়ে টানা চতুর্থ ম্যাচ হেরেছে সিটিজেনরা। সোমবার ইপিএলের ম্যাচে টেবিলের এগারো নাম্বার দল ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে পরাস্ত হয় ভিনসেন্ট কোম্পানি বাহিনী। এই হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চার নম্বরে নেমে গেছে ম্যানসিটি।

এখন শীর্ষে থাকা চেলসির থেকে ৯ পয়েন্ট পিছিয়ে গত আসরের চ্যাম্পিয়নরা। ৩০ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট সংগ্রহ করে সবার ওপরে চেলসি। আর ব্লুজদের থেকে একটি করে ম্যাচ বেশি খেলে টেবিলের দুই, তিন ও চারে থাকা যথাক্রমে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানসিটি। তাদের ঝুঁলিতে যথাক্রমে ৬৩, ৬২ ও ৬১ পয়েন্ট। তালিকায় পঞ্চম স্থানে লিভারপুল। ৩১ রাউন্ড শেষে ৫৪ পয়েন্ট তাদের।

লন্ডনের সেলহাস্ট পার্কে শুরুটা ভালোই ছিল ম্যানসিটির। কিকঅফের শুরুতেই গোলের দারুণ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল ডেভিড সিলভা-ইয়াইয়া তোরেরা। কিন্তু ম্যাচের আয়ু বাড়ার সাথে সাথে খেলায় ফিরতে থাকে স্বাগতিকরা। এরপর ধারাবাহিকতায় খেলার ৩৪ মিনিটে গ্লেন মারির গোলে এগিয়ে যায় প্যালেস। বিরতির পরেও সেই ধামাকা অব্যাহত থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ডিফেন্স ওয়ালের ওপর দিয়ে জ্যাসন পানচেওনের বাঁকানো ফ্রি-কিক রুখতে পারেননি জো হার্ট। ২-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ৭৮ মিনিটে ইয়াইয়া তোরের গোল ম্যানুয়েল পেলেগ্রিনি বাহিনীকে ম্যাচে ফেরার একটা সুযোগ এনে দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি, হেরেই মাঠ ছাড়তে হয়েছে আকাশী জার্সিধারীদের।

এদিন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পেলেগ্রিনি বলেন, “আমরা এখন শিরোপা বা চেলসিকে নিয়ে ভাবছি না। আমরা কেবল আমাদের বাকি ম্যাচগুলো জেতার চেষ্টা করে যাব। আমাদের হাতে আরও সাতটা ম্যাচ আছে এবং এর সবগুলোই গুরুত্বপূর্ণ। আরও ২১ পয়েন্ট পাওয়ার আছে এবং এখন আমাদের ম্যাচগুলো জিততে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়