হ্যাপীর মামলা থেকে রুবেলকে অব্যাহতির সুপারিশ
ঢাকা: চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা ধর্ষণ মামলা থেকে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক হালিমা খাতুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
গত ১৯ মার্চ আদালতে এই প্রতিবেদনটি দাখিল করেছেন তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক হালিমা খাতুন। এই প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় ধর্ষণের অভিযোগ থাকায় পুলিশের ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হ্যাপীর ডাক্তারি পরীক্ষা হয়। তবে হ্যাপীর শরীরে কোথাও ‘জোর জবরদস্তির’ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গত ১৩ ডিসেম্বর মিরপুর থানায় নারী নির্যাতন দমন আইনে এই মামলা করেন চিত্রনায়িকা হ্যাপী। ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ার অভিযোগ এনেছিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে আদালতের জেনারেল রেজিস্ট্রার (মিরপুর) সেকশনের মো. জিন্নাহ সাংবাদিকদের বলেন, “তদন্ত প্রতিবেদনে রুবেল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এর আগে গত ২৯ মার্চ পুলিশ পরিদর্শক (নারী তদন্ত বিভাগ) হালিমা খান এ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এদিকে আগামী ১৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, প্রায় ৮ মাস আগে রুবেলের সঙ্গে হ্যাপির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল হ্যাপীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এ সময় হ্যাপী তাকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে যান রুবেল।
এরপর ২০১৪ সালের ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-৩৭) নাজনীন আকতার হ্যাপী (১৯)। এ বিষয়ে জানতে চাইলে হ্যাপীর আইনজীবী তুহিন হাওলাদার বলেন, “এ মামলার দায় থেকে রুবেল হোসেনকে সরাসরি অব্যাহতি দেয়া হয়নি, তবে মামলার তদন্ত প্রতিবেদনটি হ্যাপীর পক্ষে আসনি।”
তিনি আরো বলেন, “রুবেল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাটির শুনানির জন্য সময় আছে। নির্দিষ্ট সময়ের আগেই দুই পক্ষ বসে এ মামলা থেকে রুবেলের অব্যাহতির ব্যাপারে আলোচনা করা যেতে পারে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








