পিসিবিকে দুই কোটি ৬০ লাখ টাকা দেবে বিসিবি
ঢাকা: ২০১২ সালে দু দুবার পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েও দেশটিতে না যাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বিসিবির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন।
এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন,“পাকিস্তান সফরে না যাওয়ার জন্য তারা আমাদের কাছ থেকে (৯ লাখ ডলার) সাত কোটি ২০ লাখ টাকা চেয়েছিল। তবে আমরা তাদের (তিন লাখ ২৫ হাজার ডলার) দুই কোটি ৬০ লাখ টাকা দিতে চেয়েছি। আজই আমাদের সিদ্ধান্ত পিসিবিকে জানিয়ে দেয়া হবে।”
বাংলাদেশ সফরের আগে বিসিবির আয়ের ৫০ শতাংশ লভ্যাংশ চেয়েছিল পিসিবি। তবে পরে সমঝোতার পথে হাঁটে বোর্ড দুটি। ফলে পিসিবিকে ৩ লাখ ২৫ হাজার ডলার দিচ্ছে বিসিবি। বিষয়টি নিয়ে পাপন বলেন,“পাকিস্তান সিরিজ নিয়ে এখন আর কোন চিন্তা নেই। ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছি। তাই পাকিস্তানের সাথে আমাদের আগের সব ঝামেলা শেষ হয়ে গেছে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








