News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৮, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:১০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

রোনালদোর পাঁচ গোলে বিধ্বস্ত গ্রানাডা

রোনালদোর পাঁচ গোলে বিধ্বস্ত গ্রানাডা

ঢাকা: এল ক্লাসিকো হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ।

রোববার স্প্যানিশ লা লিগার খেলায় অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া গ্রানাডাকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোসরা। এদিন মাত্র আট মিনিটে হ্যাটট্রিক তুলে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পিচ্চি ট্রফির দৌড়ে আবার পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সান্টিয়াগো বার্নাব্যুতে গোল পেয়েছেন গ্যারেথ বেল এবং করিম বেনজেমাও।

বার্সেলোনার কাছে এল ক্লাসিকো হারের পর শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল রিয়াল। কারণ, ২৮ রাউন্ড শেষে কাতালনদের থেকে স্পষ্ট চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে কার্লো আনচেলাত্তির শিষ্যরা। এই অবস্থায় শেষের দশ রাউন্ডে পুরো ৩০ পয়েন্টে চোখ দেয় রিয়াল। সেই লক্ষ্যে শুরুটা খারাপ হলো না ‘দ্য গ্যালাকটিকোস’দের। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই প্রথম ম্যাচেই ফর্মে ফেরার ইঙ্গিত দিল নু ক্যাম্পের অধিবাসীরা। আর বড় ব্যবধানে হারাল গ্রানাডাকে।

অথচ ফিফা ভাইরাসের আগের চার ম্যাচে অর্থাৎ, আন্তর্জাতিক বিরতির আগে লা লিগায় সর্বশেষ চার খেলায় মাত্র একটিতে জিতেছিল রিয়াল। সেই জয়টি ছিল লেভান্তের বিপক্ষে। এর আগে মার্চের শুরুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। তারপর অ্যাটলেটিকো ও বার্সেলোনার বিপক্ষে হার। কিন্তু গ্রানাডাকে পেয়েই জ্বলে উঠলো রিয়ালের বিখ্যাত ত্রিশূল।

অবশ্য গ্যারেথ বেল প্রতিপক্ষের গোলমুখ খোলার আগে দারুণ লড়াইয়েরই আভাস দিচ্ছিল পয়েন্ট টেবিলের ১৯ নম্বর দল গ্রানাডা। কিকঅফের প্রথম ২৫ মিনিট রক্ষণে দৃঢ়তা দেখিয়েছে তারা। কিন্তু সেই দৃশ্যপট বদলে যেতে বেশি সময় অপেক্ষ করতে হয়নি স্বাগতিকদের। খেলার ২৫ মিনিটে টনি ক্রসের পাস থেকে বল পেয়ে রিয়াল সমর্থকদের আনন্দে ভাসান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। এরপর খেলার ৩০, ৩৬ ও ৩৮ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।

৪-০ স্কোরলাইনে বিরতি থেকে ফিরে আরো ক্ষুরধার হয়ে ওঠে রিয়াল। হামেস রদ্রিগেজের পাস থেকে দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে গোল করেন করিম বেনজেমা। দুই মিনিট বাদে ম্যাচে নিজের চতুর্থ গোল করেন রোনালদো। গ্যারেথ বেলের নিকট থেকে বল পেয়ে গ্রানাডার জাল কাঁপান পর্তুগিজ ফুটবলার। ৫৬ মিনিটে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৭-০ করেন বেনজেমা। ৭৪ মিনিটে একটি গোল শোধ দেয় সফরকারীরা। কিন্তু ম্যাচের শেষ দিকে আত্মঘাতী গোলে ভারটা আবার বেড়ে যায় তাদের। ৮৯ মিনিটে নিজের পঞ্চম গোল করে গ্রানাডার ক্ষতটা আরো বাড়ান রোনালদো।

রোববার রিয়ালের এই জয়ের পর ২৯ রাউন্ড শেষে রিয়ালের সংগ্রহ ৬৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১ পয়েন্ট নিচে কম তাদের। ২৯ ম্যাচ খেলে টেবিলের তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঝুঁলিতে ৬২ পয়েন্ট। টেবিলের চার নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার দখলে ৬০ পয়েন্ট।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়