সেল্টা ম্যাচে মেসিও আছেন
ঢাকা: সেল্টা ভিগো ম্যাচের আগে তাকে নিয়ে অনেক শঙ্কা ছিল।
কেননা পায়ের ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে সর্বশেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই খেলতে পারেননি তিনি। কিন্তু আন্তর্জাতিক বিরতির পর স্প্যানিশ লা লিগা মাঠে ফিরতেই সুস্থ হয়ে উঠেছেন মেসি। সেল্টা ভিগোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের স্কোয়াডে দলে জায়গাও পেয়েছেন লিওনেল মেসি।
শনিবার রাতে সেল্টা ম্যাচের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বার্সেলোনা। তাতে মেসি ছাড়াও ইনজুরি থেকে ফিরেছেন জর্ডি আলবা। কিন্তু সাসপেনশনের কারণে এদিন খেলতে পারবেন না আরেক আর্জেন্টাইন হাভিয়ের মাসচেরানো। দলে আছেন মাঝমাঠের তিন ত্রিশূল জাভি হার্নান্দেজ, সার্জিও বুসকুয়েটস ও আন্দ্রেস ইনিয়েস্তাও।
এদিন মেসির অবস্থা নিয়ে বার্সা কোচ লুইস এনরিকে বলেন, “সে ম্যাচ খেলার জন্য একেবারে পারফেক্ট অবস্থায় আছে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








