মেসিকে কিনবেন রোনাল্ডো!
ঢাকা: লিওনেল মেসির প্রতি তার মুগ্ধতার শেষ নেই। সময় পেলেই আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় নেমে পড়েন তিনি। কিন্তু তাই বলে ন্যু ক্যাম্প থেকে ফুটবলের ক্ষুদে যাদুকরকে কিনে নিয়ে নিজের দলে ভেড়ানো? হ্যাঁ, বিস্ময়কর হলেও এমন কথাই বলছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো।
শনিবার এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, “মেসিকে কেনার জন্য আমি নিজের পকেট থেকে টাকা খরচ করব!” অবশ্য শুধু মেসি নন, বর্তমান ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকেও নজর রয়েছে রোনাল্ডোর। পর্তুগিজ ফুটবলারকেও ফোর্ট লাউডারডেল স্টাইকার্সে নাকি ভেড়াতে চান ২০০২ বিশ্বকাপের নায়ক!
আমরা যেমন মেসিকে দেখে অভ্যস্ত, গত মৌসুমটা সেরকম খেলতে পারেননি তিনি। বিশ্বকাপে তার দলকে ফাইনালে উঠিয়েছিলেন, নিয়মিত গোলও পেয়েছেন। কিন্তু তারপরও একটা শূন্যতা আঁকড়ে ধরেছিল এমএলটেনকে। যেটা দেখা গেছে বার্সার দলীয় পারফরম্যান্সে। গেল বছর কোনো শিরোপাই জিততে পারেনি কাতালনরা। কিন্তু এই মৌসুমের শুরু থেকেই বল পায়ে দারুণ ছন্দ দেখাচ্ছেন মেসি। এটাই রোনাল্ডোকে মেসি-মুগ্ধতা উপহার দিয়েছে।
প্রসঙ্গত, উত্তর আমেরিকা সকার লিগের (এনএএসএল) দল এফএল স্ট্রাইকার্সের অন্যতম মালিক ব্রাজিলের রোনাল্ডো। ফ্লোরিডা ভিত্তিক এই দলটি এনএসএলেই নিয়মিত খেলে থাকে। সেটা নিয়েই কথা বলছিলেন সেলেসাও তারকা। সে সময় তাকে প্রশ্ন করা হয় স্ট্রাইকার্সের ভবিষ্যত পরিকল্পনা কি? তখন রোনাল্ডোর সরেস জবাব, ‘আকাশ আমাদের শেষ সীমানা। দিন দিন বড় হচ্ছে আমাদের ক্লাব। অগামীতে মেসি ও রোনালদোর মতো ফুটবলারকেও হয়তো আপনারা এখানে দেখতে পারবেন।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








