News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৩, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:০৪, ৩০ জানুয়ারি ২০২০

বিসিএলেই পাকিস্তান সিরিজের প্রস্তুতি

বিসিএলেই পাকিস্তান সিরিজের প্রস্তুতি

ঢাকা: ১৩ এপ্রিল দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ১৭ এপ্রিল। এর মাঝে আগামীকাল রোববার হতে প্রথম শ্রেণির ফ্রাঞ্চাইজি ভিত্তিক ওয়ানডে টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলতে মাঠে নামছে মুশফিক-তামিমরা। এটাকে পাকিস্তান সিরিজের জন্য ভালো প্রস্তুতির মঞ্চ হিসেবে মানছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিসিএলের ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে আয়োজিত হবে। সিঙ্গেল লিগভিত্তিক এবারের টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে দিবা-রাত্রির। পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল ১১ এপ্রিলের ফাইনালে খেলবে। সেক্ষেত্রে পাকিস্তান সিরিজের আগে বিসিএলেই জাতীয় দলের প্রস্তুতির ভালো সুযোগ রয়েছে বলে মনে করছেন বিসিএলের প্রাইম ব্যাংকের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “বিশ্বকাপের পর খেলোয়াড়রা বেশ কয়েক দিন বিশ্রামে ছিল। পাকিস্তান সিরিজের আগে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় দলের সকলের জন্য ভালো হয়েছে।”

অস্ট্রেলিয়ার কন্ডিশনে তো বাংলাদেশ দারুণ ফর্মে ছিল। এখন বিসিএলে কি সেই ফর্মে ধরে রাখা যাবে, এমন প্রশ্নে মাশরাফি বলেন,“বিশ্বকাপের জন্য আমরা অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের প্রস্তুত করেছিলাম। বেশ কয়েক মাস আমরা অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলেছি। নিজেদের কন্ডিশনে খেলার আগে এ টুর্নামেন্টের মধ্য দিয়ে সবাই ফের প্রস্তুত হবে। বিশ্বকাপের ফর্ম ধরে রাখতে এ টুর্নামেন্টে উপকারে আসবে।” বিসিএলে কেমন উইকেট চান এমন প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, “বিশ্বকাপে আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি, পারফর্মও করেছি। সেজন্য আমি মনে করি, বিশ্বকাপের মতো উইকেট হলেই সবার জন্য ভালো হয়। তবে নিজেদের মাঠে আমরা যেহেতু স্পিনারদের ওপর বেশি নির্ভর করি, তাই পাকিস্তান সিরিজকে সামনে রেখে বিষয়টি মাথায় রাখা উচিত।”

বিসিএলে ক্রিকেটারদের চোটের ভয় আছে কিনা- এমন প্রশ্নে মাশরাফি বলেন, “না, এমন কোন ভয় নেই। বিশ্বকাপ শেষে আমরা বেশ কয়েক দিন বিশ্রামে ছিলাম। তাই পাকিস্তান সিরিজের আগে নিজেদের প্রস্তুত হওয়ার জন্য খেলা প্রয়োজন। এটা ঠিক যে, বিশ্বকাপে প্রায় দুই মাস অস্ট্রেরিয়াতে ছিলাম। লম্বা ভ্রমণও করেছি। সেজন্য আরেকটু বিশ্রামে থাকলে ভালো হতো। কিন্তু পাকিস্তান যেহেতু তাড়াতাড়ি চলে আসছে তাই করার কিছুই নেই।” বিশ্বকাপের পর বিসিএলে খেলার জন্য তিনি প্রস্তুত কিনা এমন প্রশ্নে মাশরাফির জবাব, “হ্যাঁ, বিশ্বকাপের পর বিসিএল খেলার জন্য প্রস্তুত আছি আমি। বেশ কয়েক দিন ধরে অনুশীলন করেছি। পাকিস্তান সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করেছি। দলের অন্যরাও তাই করেছি।”

ঘরোয়া ক্রিকেটে কেমন উইকেট চান- এই প্রশ্নে মাশরাফি বলেন, “উইকেটে একটু ঘাস থাকা উচিত। সেটা আছেও। সুতরাং এটা স্পোর্টিং উইকেট হতে পারে। আসলে যাদের বিপক্ষে খেলব তাদের বিষয় চিন্তা করেই উইকেট বানানো উচিত।” বিশ্বকাপ থেকে ক্রিকেটাররা যে উদ্দীপনা নিয়ে দেশে ফিরেছেন আইসিসির ইস্যুর কারণে সেটা কমে গিয়েছে কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন,“বিশ্বকাপে আমরা যা করেছি সেটা কিন্তু আমাদের অনেক বড় পাওয়া। যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। হ্যাঁ, আরো ভালো করার সুযোগ ছিল। তবে আইসিসি ইস্যু নিয়ে আমি কিছু বলতে পারি না।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়