টাইগারদের বিষয়ে পাকিস্তানকে সতর্ক করলেন রমিজ
ঢাকা: পালের হাওয়ায় অনেকটাই বদলে গেছে পাকিস্তানের ওয়ানডে দল। বিশ্বকাপের পরপরই পাকিস্তানের অভিজ্ঞ দুই মুখ শহীদ আফ্রিদি ও মিসবাহ উল হক ৫০ ওভারি ক্রিকেটকে বিদায় বলেছেন। অধিনায়কত্বেও এসেছে বদল।
এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান দলকে নেতৃত্বের সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার আজহার আলি। নতুন চেহারায় এই দলকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। অবশ্য বাংলাদেশ সফরের আগে একই সাথে পাকিস্তানকে সতর্কও করছেন দেশটির সাবেকরা। এই তালিকায় সবার আগে আছেন রমিজ রাজা। বিশ্বকাপের আগে যিনি বাংলাদেশকে নিয়ে টিপ্পনি কেটেছিলেন।
শনিবার এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, “এই বাংলাদেশ দল একেবারেই বদলে গেছে। বিশ্বকাপে তাদেরকে খুব আত্মবিশ্বাসী মনে হয়েছে। আর পাকিস্তানের চেয়ে তাদের ব্যাটিংটাও খুব জমাট লেগেছে। সুতরাং আমার এটা মনে হচ্ছে না যে আসন্ন সিরিজটা আজহার বাহিনীর জন্য খুব সহজ হবে। বরং এটা বলা চলে যে এটা খুব ক্লোজ একটি সিরিজ হবে।”
বাংলাদেশ সিরিজেই ফিরছেন সাঈদ আজমল। কিন্তু অভিজ্ঞ পাক স্পিনারের জন্য সিরিজটা যে খুব সহজ হবে না সেটারও ইঙ্গিত দেন রমিজ। তিনি বলেন, “একবার যদি কোনো বোলারের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে, তবে সেটা শুধরে ফের ফর্মের চূড়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা অনেক কঠিন। সুতরাং আসন্ন সিরিজে আকমল হয়তো আগের মতো সাফল্য নাও পেতে পারেন। তবে তাকে দলে নিয়ে নিজেকে প্রমাণের সুযোগ দেয়াটা খুবই সঙ্গত।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








