পাকিস্তানকে ৪ লাখ ডলার ক্ষতিপূরণ দেবে বিসিবি!
ঢাকা: ২০১২ সালে দুটি অ্যাওয়ে ট্যুর স্থগিত করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রায় ৪ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!
শুক্রবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন। পাকিস্তান দলের বাংলাদেশ সফরের আগে দুই বোর্ডের মধ্যে চলমান তিন মাসের অচলাবস্থা নিরসন ও পিসিবির দেয়া শর্ত পূরণে এই ঘোষণা এলো।
আসন্ন সফরটি কোন দলের জন্য হোম; আর কোন দলের জন্য অ্যাওয়ে হবে তা নিয়ে এই বছরের শুরু থেকেই সংশ্লিষ্ট দুই বোর্ডের মধ্য থেকে দর কষাকষি চলছিল। শেষে গত মাসে পিসিবি এই সফর বিষয়ে বিসিবিকে সবুজ সংকেত দেয়।
ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে সমঝোতার পথে হাঁটে। শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বাংলাদেশ ওই দুই ট্যুরে না যাওয়ার জন্য পাকিস্তানকে ক্ষতিপূরণ দিয়ে সমস্যার সমাধান করতে চায়। ক্ষতিপূরণের পরিমানটা হতে পারে ১ লাখ মার্কিন ডলার ও ৩ লাখ মার্কিন ডলার। অর্থাৎ মোট ৪ লাখ মার্কিন ডলার।
এদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “তারা (পাকিস্তান) প্রথমে আসন্ন সফরের ৫০ শতাংশ আয় দাবি করেছিল এবং এটাকে তাদের হোম সিরিজের মর্যাদা চেয়েছিল। কিন্তু আমি তাদের বলেছি এটা বাংলাদেশের হোম সিরিজ। তখন আমরা যে পাকিস্তান সফরে যাইনি সেই বিষয়টি উত্থাপন করে তারা। এর প্রত্যুত্তরে আমার জবাব ছিল, প্রত্যেক সভাতে একই কথা শুনতে চাই না আমি।”
সংযুক্তি হিসেবে তিনি আরো বলেন, “কোন দেশ সফরে যেতে সম্মত হয়ে তা পালন না করলে সে বিষয়ে আইসিসির কিছু নিয়ম আছে। সেজন্য আমরা যে দুবার পাকিস্তানে ভ্রমণ করিনি তার জন্য তাদের এককালীন ক্ষতিপূরণ দিতে চাই। আর দীর্ঘদিন চলে আসা সমস্যার পুরোপুরি সমাধান করতে চাই।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








