৪ জাতি টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির
ঢাকা: পাকিস্তান সিরিজ দিয়ে হোম সিরিজ শুরু করছে টাইগাররা। এ সিরিজ ছাড়াও ৪ জাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ তথ্য জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার গুলশানস্থ নিজ বাসায় সাংবাদিকদের তিনি বলেন, “পাকিস্তান সিরিজ দিয়েই হোম সিরিজে ব্যস্ততা শুরু হচ্ছে টাইগারদের। হোম সিরিজ ছাড়াও তাদের পরিকল্পনা রয়েছে ৪ জাতি টুর্নামেন্টের আয়োজন করার।”
তিনি আরো বলেন, “এপ্রিলে পাকিস্তান সিরিজের পর এবছরই বাংলাদেশ সফরে আসছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আইসিসির সদস্য দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক দারুণ ভালো। ক্রিকেটের বড় বড় দলগুলো এখন বাংলাদেশের সাথে খেলার জন্য আগ্রহী।”
পাপন বলেন, “অথচ একটা সময় বাংলাদেশের সাথে কেউ খেলতে চাইতো না। এবছর নিজের মাঠে বড় দলগুলোর সাথে খেলা আছে, এরপরও অনেকগুলো দল বাংলাদেশকে খেলার জন্য প্রস্তাব দিয়েছে।”
কোন কোন দল বাংলাদেশে খেলতে চাইছে এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, “পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে আমাদের প্রস্তাব দিয়েছে ৪ জাতীর টুর্নামেন্ট আয়োজন করতে। আগামী নভেম্বরেই তারা বাংলাদেশে খেলতে চায়।”
তিনি বলেন, “এ বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। প্রস্তাব যেহেতু পেয়েছি তাই ৪ দলকে নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করতে পারি। ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিসিবি। তাই আমাদের চিন্তা কি করে দেশের ক্রিকেট উন্নত করা যায়।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








