জয়াসুরিয়ার পদত্যাগ
ঢাকা: শ্রীলংকান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শ্রীলংকার সাবেক ড্যাশিং ওপেনার সনাথ জয়াসুরিয়া । বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ডেইলি মিররকে নিশ্চিত করা হয়েছে।
জয়াসুরিয়ার কমিটির মেয়াদ শেষ হয়েছিল ৩১ মার্চ। কিন্তু বোর্ডের নির্বাচন বাতিল হওয়ায় ১ মাসের জন্য বাড়ানো হয় কমিটির সময়। কিন্তু সেটা মানেনি অন্তর্বর্তীকালিন কমিটি। ক্রীড়া মন্ত্রী নাভিন দিসানায়েকের কাছে পাঠানো পদত্যাগপত্রে জয়াসুরিয়া লিখেছেন, "আমি খুবই গর্বিত ও খুশি এ কারণে যে আমার সময়ে শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া কাপ জিতেছে। এবং বহুল প্রত্যাশিত ইংল্যান্ডের বিপক্ষের সিরিজ জিতেছে। ভবিষ্যতে আমাকে দেশের সেবা করার সুযোগ দিতে ডাকলেই পাওয়া যাবে।"
পদত্যাগপত্রে ভবিষ্যত জাতীয় দল ও শ্রীলঙ্কা ক্রিকেটের মঙ্গল কামনাও করেছেন জয়াসুরিয়া।
ক্রীড়া মন্ত্রী বোর্ড ভেঙে দেওয়ার পর ১ এপ্রিল থেকে নতুন অন্তর্বর্তীকালিন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিধাত ওয়েটিমুনি।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








