বাংলাদেশ সিরিজ প্রশ্নে বিসিসিআইয়ের জরুরি সভা!
ঢাকা: আসছে জুনে মহেন্দ্র ধোনি-বিরাট কোহলিরা বাংলাদেশ সফরে আসবেন কিনা তা জানতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না ক্রিকেটপ্রেমীদের। কেননা আগামী এক সপ্তাহের মধ্যেই জরুরি সভা ডাকতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
জুনে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দেয় সদ্য সাবেক হওয়া আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও নারায়নস্বামী শ্রীনিবাসরে সংঘাতকে কেন্দ্র করে। যখন ভারতীয় বোর্ডের অপসারিত সভাপতি বাংলাদেশ দলের সাবেক সভাপতিকে বঞ্চিত করে মেলবোর্নে বিশ্বকাপ জেতা দলের হাতে ট্রফি তুলে দেন। যা আইসিসির নীতি বহির্ভূত। কেননা এটি সভাপতির এখতিয়ারভূক্ত।
এই ঘটনার অব্যবহিত ফল হিসেবে গতকাল বুধবার আইসিসির সভাপতির পদ ইস্তফা দেন কামাল। এরপর পেশি শক্তির ব্যবহারের কারণে এন শ্রীনিবাসনকে ধুইয়ে দেন তিনি। যা বাংলাদেশ-ভারত সফর নিয়ে একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি করে। এই কারণেই সাত-আট দিনের মধ্যে জরুরি সভা ডাকার ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। সংস্থাটির উচ্চপদস্থ এক কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেন। সূত্র: এনডিটিভি।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








