অনুশীলনে ফিরেছেন মেসি
ঢাকা: শঙ্কা কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।
এল ক্লাসিকোর পর থেকেই গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন মেসি। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েও এল সালভাদর ও ইকুয়েডরের বিপক্ষে দেশের হয়ে খেলতে পারেননি চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। কিন্তু লা লিগায় আগামী রোববার সেল্টা ভিগো ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন বার্সা প্রাণ ভোমরা। বৃহস্পতিবার স্বদেশি ফুটবলার হাভিয়ের মাসচেরানোকে নিয়ে জোয়ান গাম্পার স্টেডিয়ামে হালকা অনুশীলনও করেছেন ফুটবলের ক্ষুদে যাদুকর।
এদিন বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়, মেসির পা ফোলা কমেছে। সেজন্য দলের বাকি খেলোয়াড়দের সাথে শুক্রবারের অনুশীলনে যোগ দিতে পারেন আর্জেন্টিনা অধিনায়ক। প্রসঙ্গত, নতুন বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। এখন পর্যন্ত ২৮টি লা লিগা ম্যাচ খেলে ইতোমধ্যেই ৩২ গোল করেছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে এক গোল বেশি নিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ২৭ বছর বয়সী ফুটবলার।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








