পাকিস্তানের চেয়ে আমরাই বেশি ফেভারিট: সাকিব
ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়ার আগে দারুণ চনমনে মনে হচ্ছে সাকিব আল হাসানকে। বিকেলে ভারতের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে আসন্ন হোম সিরিজে নিজেদেরকেই ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের থেকে বড় ফেভারিট হিসেবে দাবি বিশ্বসেরা অলরাউন্ডারের। তাছাড়া এটাই পাকিস্তানকে হারানোর সেরা সুযোগ বলেও অভিমত জানান সাকিব।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন,“নিজেদের মাটিতে পাকিস্তানের চেয়ে আমরাই বড় ফেভারিট। ঘরের মাঠে পাকিস্তানকে হারানোর এটাই আমাদের সেরা সুযোগ। অবশ্যই আমরা ভালো কিছু করতে পারি।” ২০১৫ বিশ্বকাপে নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মাশরাফি বিন মুর্তজারা অসাধারণ পারফরম্যান্স করেছে। সেই তুলনায় পাকিস্তান দল বিশ্বকাপে সেভাবে ক্লিক করতে পারেনি। বাংলাদেশের মতোই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় তারা। অন্যদিকে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আম্পায়ারদের বাজে সিদ্ধান্তেই সেমিফাইনালে উঠতে পারেনি টিম বাংলাদেশ।
পাকিস্তান সিরিজ নিয়ে তিনি আরো বলেন,“এবার নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে চাই। আমরা বিশ্বকাপে যে পারফম্যান্স দেখিয়েছি সেই ধারাবাহিকরা ধরে রাখতে পারলে অবশ্যই সেটা সম্ভব। আমরা এবার তাদের বিপক্ষে সিরিজ জিততে চাই।” আইপিএলে খেলতে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় বিমানে উঠবেন তিনি। আইপিএল নিয়ে সাকিব বলেন,“আইপিএলে খেলার অভিজ্ঞতা অবশ্যই পাকিস্তান সিরিজে দলের হয়ে কাজে লাগাতে পারবো। বিশ্বকাপের আগে বিগব্যাশে খেলে যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছি এবং দলের খেলোয়াড়দের সাথে ভাগাভাগি করেছি, এবারো তা করতে চাই।”
১৯ মার্চ মেলবোর্নে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন,“ওই ম্যাচে কী হয়েছে তা সবাই দেখেছে। তবে আমি বলব, মানুষ হিসেবে সবারই তো ভুল থাকতে পারে। দেখেন ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস জর্দানের রান আউটটাও তো ফিফটি ফিফটি ছিল। সেটা তো আমাদের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল আম্পায়ার।” প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি নাগাদ থেকে মে মাসের শুরু পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ। এজন্য কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলেই ফের দেশে ফিরবেন সাকিব।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








