৯ এপ্রিল হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা
ঢাকা: বোলিং অ্যাকশনের বৈধতা আদায়ে আগামী ৯ এপ্রিল আইসিসির কাছে পরীক্ষা দেবেন পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করে।
নিষেধাজ্ঞার কারণে হাফিজ গত বছরের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে বিরত আছেন। এরপর কনুইয়ের ইনজুরির কারণে ফেব্রুয়ারিতে পাকিস্তানের হয়েও খেলতে পারেননি ৩৪ বছর বয়সী ক্রিকেটার। একই কারণে ২০১৫ বিশ্বকাপও খেলা হয়নি তার।
গত বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে লাহোর লায়ন্সের হয়ে খেলার সময় প্রথমবার সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন হাফিজ। এর দুই মাস পর আবুধাবি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় ফের তার বোলিং নিয়ে প্রশ্ন ওঠে।
পরে আইসিসির পরীক্ষায় দেখা যায় বোলিংয়ের সময় হাফিজের কনুই ১৫ ডিগ্রির বেশি ঘোরে। যা বৈধ নয়। প্রসঙ্গত, গত ডিসেম্বরে বৈধতা আদায়ে অনানুষ্ঠানিক এক পরীক্ষা দেয় হাফিজ। কিন্তু সেই পরীক্ষায় বৈধতা আদায়ে ব্যর্থ হন পাঞ্জাবি অলরাউন্ডার। সেজন্য এখন চেন্নাইয়ে আবার অ্যাকশন পরীক্ষায় নামছেন হাফিজ।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








