দ্বিতীয় দিনেও ইংলিশ আধিপত্য
ঢাকা: অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনেও পুরনো দৃশ্যপট খুব একটা বদলায়নি। টেস্টের প্রথম দিনের মতোই দিনের প্রথম সেশনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের দাপট। আর দ্বিতীয় অঙ্কে সফরকারী ইংল্যান্ডের খেলায় ফিরে আসা, ম্যাচে আধিপত্য বিস্তার করা।
মঙ্গলবার অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দিনের প্রথমেই সেশনেই ইংল্যান্ডকে গুটিয়ে দেয় ক্যারিবিয়ানরা। ৫ উইকেটে ৩৪১ রান নিয়ে ব্যাট করতে নামা সফরকারীদের ৩৯৯ রানেই অলআউট করে। এজন্য ২০.৪ ওভার সময় নেয় জোরোম টেইলররা। তবে উইন্ডিজ ব্যাটসম্যানরা হাতে পাওয়া সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারেননি। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৬৬ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে তারা। ছয় উইকেট হাতে রেখে ইংল্যান্ডের থেকে এখনো ২৪৪ রান পিছিয়ে তারা।
অ্যান্টিগায় বোলিং প্রদর্শনীর দারুণ একটা দিন গেছে এদিন। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের পেস ত্রয়ী জোরোম টেইলর, কেমার রোচ ও জেসন হোল্ডারের নৈপূণ্য থেকে। পরে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস জর্ডান, বেন স্টোকস ও জেমস ট্রেডওলের হাতে। সেজন্য উইন্ডিজ এক পর্যায়ে ৯৯ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল। তবে শিবনারায়ণ চন্দরপলের পরিচিত ভূমিকার সাথে জার্মেইন ব্লাকউডের সঙ্গত ক্যারিবিয়ানদের এখনো লড়াইয়ে রেখেছে।
ইংল্যান্ড অবশিষ্ট পাঁচ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল। তাদের জন্য ভরসা হয়ে দাঁড়িয়ে ছিলেন স্টোকস। তবে আগের দিনের ৭১ রানটাকে আর খুব বেশি বাড়িয়ে নিতে পারেননি তিনি। নিজের নামের পাশে আর মাত্র আট রান যোগ করেই আউট হন তিনি। এদিন প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ট্রেডওয়েলও পারেননি। আট রান এসেছে তার ব্যাট থেকে। জস বাটলার ও স্টুয়ার্ট ব্রড ডাক মারেন। তারপরও স্কোরবোর্ডে ৩৯৯ রান, সেটা অ্যান্ডারসন ও জর্ডানের অবদান। টেইলর ৩টি, রোচ ৪টি ও হোল্ডার দুটি উইকেট শিকার করেন।
অন্যদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ বার্থওয়েট ৩৯, ডেভন স্মিথ ১১, ড্যারেন ব্রাভো ১০ এবং মারলন স্যামুয়েলস ৩৩ রান করে আউট হন। এরপর পঞ্চম উইকেটে ৫৬ রান করে অবিচ্ছিন্ন আছেন চন্দরপল ও ব্লাকউড জুটি। ইংল্যান্ডের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, ব্রড, জর্ডান ও ট্রেডওয়েল।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








