News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৩, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২০

ক্রিকেটারদের সংবর্ধনা

বিশ্বকাপ বীরদের বরণে জনতার ঢল

বিশ্বকাপ বীরদের বরণে জনতার ঢল


ঢাকা: শনিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশের বিশ্বকাপ বীরদের বরণ করে নিয়েছে হাজারো ক্রিকেটপ্রেমী।

২০১৫ বিশ্বকাপে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলায় জাতীয় ক্রিকেট দলকে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিভিন্ন পেশাজীবীর অনেক সংগঠন। যখন চৈত্রের প্রচণ্ড খরতাপ উপেক্ষা করেই সেই সংবর্ধনায় উপস্থিত হয়েছিল হাজার হাজার মানুষ।

জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ক্রিকেটাদের মূল সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় বিকাল সাড়ে চারটায়। অবশ্য অনুষ্ঠানটির পোশাকি উদ্বোধন দুপুরেই। বিভিন্ন ব্যান্ডের সংগীত পারফরম্যান্সের মধ্য দিয়ে। এর মাঝে মাঝে বিকেল ৪টা ৩০ মিনিটে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবর্ধনা অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে মাইলস ব্যান্ডের সদস্যরা মঞ্চে উঠে টানা চারটি গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে দেন। এরপর বিসিবি পরিচালক ও কোচিং স্টাফ মঞ্চে আসেন। তারপর একে একে মঞ্চে আসীন হন মুশফিকুর রহিম, মাশরাফি মর্তুজা ও তামিম ইকবালরাও।

ক্রিকেটারদের মধ্যে সবার আগে মঞ্চে উপস্থিত হন জাতীয় দলের পেসার শফিউল ইসলাম। এরপর একে একে চলে আসেন- পেসার আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, আরাফাত সানি, মুমিনুল হক, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাসির হোসেন, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে আইপিএল খেলতে যাওয়ার কারণে এই সংবর্ধনায় উপস্থিত থাকতে পারেননি জাতীয় দলের সাকিব আল হাসান। আর বাবার অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না সাব্বির রহমান।

সব ক্রিকটার মঞ্চে উপস্থিত হলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার ও রুবেল হোসেনদের বিশ্বকাপ পারফরম্যান্সের প্রশংসায় মেতে ওঠেন।

এর মাঝেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। আতশবাজির রোশনাইয়ে মূল অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। তবে সন্ধ্যার পরও গানের অনুষ্ঠান চলতে থাকে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়