ভোট কিনতে পারবেন না ব্ল্যাটার: ম্যারাডোনা
ঢাকা: ১৭ বছর ধরে ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সেপ ব্ল্যাটার।
কিন্তু আসন্ন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদ নাকি হারাতে যাচ্ছেন সুইস ফুটবল প্রশাসক! অন্তত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা তেমনটি মনে করছেন। কারণ, এবার আর ভোট কিনতে পারবেন না ব্ল্যাটার। সেজন্য নাকি ভয়ে আছেন বর্তমান ফিফা প্রেসিডেন্ট।
ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জর্ডানের যুবরাজ আলি বিন আল হুসেইনকে নিজের সমর্থন দিয়ে ম্যারাডোনা বলেন, “আমি নির্বাচনের অংশ হতে পেরে খুব গর্বিত। আসলে জর্ডানের যুবরাজ বিশ্ব ফুটবলকে সাহায্য করতে পারবেন বলেই তার জন্য প্রচারণায় নেমেছি।” এবারের ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে পর্তুগালের লুইস ফিগো, মাইকেল ভন প্রাগ ও সেপ ব্ল্যাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আল হুসেইন।
১৯৯৮ সাল থেকে ফিফার দায়িত্বে থাকা ব্ল্যাটারকে নিয়ে কথা বলতে গিয়ে ১৯৮৬ সালের বিশ্বজয়ী ফুটবলার বলেন, “ফিফার সদস্যরা আর ভোট কিনতে দেবে না বলে ভয়ে আছেন ব্ল্যাটার। সুতরাং এবার পরিবর্তন আশা করছি। ফিফার এই পরিবর্তন সবার মঙ্গলের জন্যই।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








