মেসি-নেইমারকে পেলের ‘কোপা’ চ্যালেঞ্জ
ঢাকা: আসন্ন কোপা আমেরিকা টুর্নামেন্টের দিকে তাকিয়ে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। তারকা-মহাতারকার দ্বৈরথের আগে লিওনেল মেসি ও নেইমারকে ক্লাব ফুটবলের আগুনে ফর্ম জাতীয় দলের হয়ে অনুবাদ করার কঠিন চ্যালেঞ্জও জানিয়েছেন ফুটবলের কালো মানিক।
১১ জুন থেকে ৪ জুলাই চিলিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট নিয়ে বলতে গিয়ে পেলে জানান, এটা তারকাদের কোপা আমেরিকা টুর্নামেন্ট হতে যাচ্ছে। কেননা বার্সেলোনার সম্মুখ জুটি মেসি-নেইমার ছাড়াও আর্সেনালের আলেক্সিজ সানচেজও লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবলযজ্ঞে অংশগ্রহণ করবেন।
সান্টিয়াগোতে এক উদ্বাস্তু শিবিরে ভ্রমণকালে পেলে বলেন, “এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটা তারকা সমৃদ্ধ একটি আসর হতে যাচ্ছে।” অবশ্য মেসি ও নেইমার ক্লাবের ফর্মকে জাতীয় দলে টেনে আনতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ঠ সন্দেহ আছে তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলারের। তিনি বলেন, “আধুনিক যুগে খেলোয়াড়রা জাতীয় দলের থেকে ক্লাবের ফুটবলারদেরই বেশি করে জানেন। সেজন্য ক্লাব থেকে জাতীয় দলে গিয়ে অনেকেই ধুকতে থাকেন।”
আর্জেন্টিনাকে গত বছর বিশ্বকাপের ফাইনালে তুললেও মেসির প্রতি অনেকের অভিযোগ রয়েছে যে, মেসি যতোটা ক্লাবের; জাতীয় দলের অতোটা নন। ২৭ বছর বয়সী মেসির জন্য এই অভিযোগটাকে লাগসই মনে করছেন না কালো মানিকও। তিনি বলেন, “যখন সে স্পেনে থাকে তখন সে চারপাশে পরিচিত একটা অঙ্গন পায়। যাদের সে প্রত্যেক দিন দেখে ও জানতে পারে। কিন্তু আর্জেন্টিনায় আসলে ওই একই পরিস্থিতি থাকে না।” নেইমারের ক্ষেত্রেও ওই একই কথা খাটে বলে জানান তিনি।
এরপর আসন্ন কোপার ফেভারিট বাছতে গিয়ে আর্জেন্টিনা ও চিলির নাম উচ্চারণ করেন পেলে। তিনি বলেন, “আধুনিক ফুটবল খুব জটিল, আপনি সবসময় বলতে পারবেন না কে ফেভারিট। তবে আমি আর্জেন্টিনা ও স্বাগতিক চিলিকে এগিয়ে রাখবো।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








