আবার ফিক্সিং কাণ্ডে রাজস্থানের নাম
ঢাকা: ম্যাচ ফিক্সিং কাণ্ডে রাজস্থান রয়্যালসের নামে ভারতীয় সুপ্রিম কোর্টে এখনো মামলা ঝুলছে। এজন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুর্নীতি দমন কমিটির তীক্ষ্ণ নজরে রয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি। কিন্তু তারপরও আরেকটি আইপিএলের শুরুতে ফিক্সিং কাণ্ডে আবারো রাজস্থানের নাম জড়ালো।
শুক্রবার এক মিডিয়া বিবৃতিতে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ স্বীকার করেছে যে আইপিএল আটের আসরের জন্য তাদের এক খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিং করার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। রাজস্থানের প্রধান নির্বাহী কর্মকর্তা রঘু লিয়ার জানান, এক মাস আগে তাদের এক খেলোয়াড় আরেক খেলোয়াড়ের কাছ থেকে ম্যাচ ফিক্সিং করার প্রস্তাব পেয়েছিলেন। এরপর ওই খেলোয়াড় বিষয়টি শিগগির রাজস্থান রয়্যালসের কর্মকর্তাদের জানান। আর আইপিএলের নিয়ম মেনে রাজস্থান কর্তারা বিষয়টি আকসুকে (এন্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট) অবহিত করে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) বিষয়টি স্বীকার করে নিয়েছে। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এই আলোচিত ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালে রাজস্থানের মালিক রাজ কুন্দ্রার নাম আইপিএল ম্যাচ ও স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিল। একই ইস্যুতে নাম উঠে এসেছিল চেন্নাই সুপার কিংসেরও (সিএসকে)।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








