News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

র‌্যাংকিংয়ে আরো উন্নতি ব্রাজিলের

র‌্যাংকিংয়ে আরো উন্নতি ব্রাজিলের

ঢাকা: ২০১৪ বিশ্বকাপ বিপর্যয়ের পর ফিফা ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের সেরা দশ থেকেও ছিটকে গিয়েছিল ব্রাজিল। এরপর কোচ লুইস ফিলিপ স্কলারির প্রস্থানের পর কার্লোস দুঙ্গার দায়িত্ব প্রাপ্তিতে ফের চেনা কক্ষপথে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয়কে আবার অভ্যাস বানিয়ে ফেলেছে সেলাসওরা। তাতেই র‌্যাংকিংয়ে ক্রমাগত উন্নতি করে চলেছে ব্রাজিল। বৃহস্পতিবার ঘোষিত ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে তারা।

অবশ্য ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় চমকের নাম বেলজিয়াম। দেশটি নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের সেরা তিনে জায়গা করে নিয়েছে। মার্ক উইলমটের শিষ্যরা ১১ দিন আগে ইউরো বাছাই পর্বে ইসরাইলকে হারিয়েছিল। সেই ম্যাচে ম্যানইউয়ের মিডফিল্ডার মারুইন ফেলিয়িনি রেড ডেভিলদের পক্ষে জয়সূচক গোলটি করেছিলেন।

ব্রাজিল ও বেলজিয়ামের উল্লম্ফন ছাড়া র‌্যাংকিংয়ের সেরা দুই স্থান অপরিবর্তিত। সবার ওপরে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দুই নম্বরে আর্জেন্টিনা। তবে কলম্বিয়া এক ধাপ নিচে নেমে চার নম্বরে চলে গেছে। ব্রাজিলকে পাঁচে জায়গা করে দিতে ছয়ে নেমে গেছে নেদারল্যান্ডস। সাতে অনড় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এক ধাপ উন্নতি করে আট নম্বরে উরুগুয়ে। তিন ধাপ উন্নতি করে নয়ে সুইজারল্যান্ড। দশে আছে স্পেন।

র‌্যাংকিংয়ের সেরা দশ দল:
১. জার্মানি
২. আর্জেন্টিনা
৩. বেলজিয়াম
৪. কলম্বিয়া
৫. ব্রাজিল
৬. নেদারল্যান্ডস
৭. পর্তুগাল
৮. উরুগুয়ে
৯. সুইজারল্যান্ড
১০. স্পেন

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়