News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪০, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

নির্বাচনী আচরণবিধিতে আটকে গেল চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা

নির্বাচনী আচরণবিধিতে আটকে গেল চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের আশঙ্কায় চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংবর্ধনা স্থগিত করা হয়েছে। এ নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

বৃহস্পতিবার রাতে আয়োজক সংগঠনকে এ নির্দেশ দেওয়া হয়।

জেলা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এ সংবর্ধনার আয়োজক ছিল। ওই সংগঠনের অন্যতম শীর্ষ ব্যক্তি আ জ ম নাছির। তিনি এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী।

শুক্রবার বেলা তিনটায় চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে টাইগারদের সংবর্ধনা দেয়ার কথা ছিল। আয়োজনে সহযোগিতা করার কথা ছিল চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস)।

এ প্রসঙ্গে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "জাতীয় ক্রিকেট দলের অর্জনের ব্যাপারে আমরা শ্রদ্ধাশীল। তাদের সংবর্ধনা হোক, এটা আমরাও চাই। তবে এ মুহূর্তে চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে। শোডাউনের মতো ঘটনাও ঘটতে পারে। তাই আয়োজক সংস্থাকে এই অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। রাতেই মাইকিং করা হবে। নির্বাচনের পরে যেকোনো সময় এ অনুষ্ঠান করা যেতে পারে।"

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংবর্ধনা আয়োজকদের পক্ষ থেকে বলা হয়- পরে বিসিবির সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/ডিআর

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়