News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৩, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

বিসিএলে মাশরাফির দলের হার

বিসিএলে মাশরাফির দলের হার

ঢাকা: বিসিএলের ওয়ানডে ম্যাচে বোলিংয়ের চেয়ে ব্যাট হাতেই বেশি ভয়ঙ্কর ছিলেন জতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার ফতুল্লায় তিনি ৪৪ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। কিন্তু, নিজের ঝড়ো ইনিংসে দলের হার এড়াতে পারেননি মাশরাফি। বিসিবি নর্থ জোনের কাছে তার দল হেরেছে ৮৮ রানে।

নাসির হোসেনের বিসিবির নর্থ জোনের কাছে বড় ব্যবধানে হেরে বিসিএলে ফাইনাল খেলার স্বপ্ন ভেস্তে গেল মাশরাফিদের। আগামী রোববার মিরপুরে বিসিএলের ফাইনালে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে তারা।

ফতুল্লাহ খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাসির হোসেন। গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিকুর, সাব্বির ও নাসির হোসেনের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে সাতে উইকেট হারিয়ে ৩২১ রানের পাহাড় সংগ্রহ করে তারা। বিসিএলে এটিই সর্বোচ্চ রানের ইনিংস।

ব্যাট করতে নেমে ওপেনার জুনায়েদ সিদ্দিকী শুরুতেই ব্যক্তিগত ১ রানে রুবেলের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর মাহমুদুল হাসানের সঙ্গে শক্ত জুটি গড়েন অলরাউন্ডার নাঈম ইসলাম। দলীয় ৮৫ রানের মাথায় ব্যক্তিগত ৪৮ রান করে রানআউটের শিকার হন মাহমুদুল হাসান।

দুই ওপেনারকে হারানোর পর নাঈমের সঙ্গে জুটি গড়ে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন মুশফিকুর রহিম। ৬৬ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলে রুবেলের বলে ক্যাস আউট হন। তার ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও চার ছক্কার মার রয়েছে।

ম্যাচের শেষ মুহুর্তে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন বিসিবি ব্যাটসম্যানরা। নাঈম ১০৭ বলে ৮০, সাব্বির হোসেন ৩৪ বলে ৬৬ ও নাসির হোসেন ২২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। বল হাতে মাশরাফি, রুবেল হোসেন ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন।

বিশাল রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল মাশরাফির প্রাইম ব্যাংক। দলীয় ২৭ রানের মাথায় ওপেনার জিয়াউর রহমান ব্যক্তিগত ১৮ রানে সানজামুলের বলে ফরহাদের হাতে ক্যাচ দেন। এরপর ওপেনার সৈকতের সাথে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে ব্যর্থতার পরিচয় দিয়ে আউট হন ইমরুল কায়েস।

দলীয় ১১৭ রানের মধ্যে আরও চারটি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন মাশরাফিরা। সৈকত ২৫, শাহরিয়ার নাসিফ ১০,মিথুন ৩৮, নুরুল হাসান ১৮ রান করে সাজঘরে ফেরেন। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে ব্যাট হাতে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন পেসার মাশরাফি। মাত্র ৪৪ বলে তিনি ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেনি। ৪৪.১ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় মাশরাফিরা।

বল হাতে ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, দেলোয়াড় হোসেন ও সানজামুল ইসলাম দুটি করে উইকেট নেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়