News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩১, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩০, ১৯ জানুয়ারি ২০২০

বার্সার পেছনে রিয়াল ছুটছেই

বার্সার পেছনে রিয়াল ছুটছেই

ঢাকা: লস ব্লাঙ্কোসদের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩০০ গোলের রেকর্ডের দিনে রায়ো ভালোকানোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার স্প্যানিশ লা লিগার খেলায় তেরেসা রিভেরো স্টেডিয়ামে খেলতে গিয়ে সিআরসেভেনের লক্ষ্যভেদ ছাড়াও গোলের দেখা পেয়েছেন দলটির কলম্বিয়ান সেনসেশন হামেস রদ্রিগেজ।

ন্যু ক্যাম্পে হারের ধাক্কার পর গ্রানাডা ও ভায়োকানোর বিপক্ষে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার ওপর চাপ অব্যাহত রেখেছে কার্লো আনচেলাত্তির শিষ্যরা। কারণ, ৩০ রাউন্ড শেষে লিগ লিডার বার্সার সংগ্রহ ৭৪ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে চার পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদ এখন পর্যন্ত ৬৫ পয়েন্ট থলেতে পুরতে পেরেছে। তালিকার তিন নম্বরে ভিসেন্ত ক্যালদেরন স্টেডিয়ামের স্বত্তাধিকারীরা।

এদিন রিভোরো স্টেডিয়ামে খেলতে গিয়ে গোলের জন্য হাসফাস করতে দেখা গেছে রিয়ালকে। আগের ম্যাচে গ্রানাডাকে ৯ গোলের বন্যায় ভাসানো লস ব্লাঙ্কোস শিবিরকে ৬৮ মিনিট পর্যন্ত গোল-অপেক্ষা করতে হয়েছে। যথারীতি গোলমেশিন রোনালদোই খেলার অচলাবস্থা ভাঙেন। ড্যানিয়েল কারভাজালের নিকট থেকে বল পেয়ে হেডারে স্কোরলাইন ১-০ করেন পর্তুগিজ ফুটবলার। এরপর খেলার ৭৩ মিনিটে ব্যবধান ২-০ করেন হামেস রদ্রিগেজ। রোনালদোর নিকট থেকে বল পেয়ে স্কোরশিটে নাম তোলেন কলম্বিয়ান মিডফিল্ডার।

প্রসঙ্গত, ২৭ ম্যাচে ৩৭ গোল করে চলতি লা লিগার সর্বোচ্চ স্কোরার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩০ ম্যাচে ৩৩ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার লিওনেল মেসি। ১৭ গোল করে লা লিগার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা বার্সার আরেক ফুটবলার নেইমার জুনিয়র।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়