News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৭, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩০, ১৯ জানুয়ারি ২০২০

মেসি-সুয়ারেজে বার্সার জয়

মেসি-সুয়ারেজে বার্সার জয়

ঢাকা: বুধবার স্প্যানিশ লা লিগার খেলায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের নৈপূণ্যে আলমেরিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। দুটি গোল এসেছে উরুগুয়ান স্ট্রাইকারের পা থেকে। একটি আর্জেন্টাইন সেনসেশনের।

ন্যু ক্যাম্পের এই জয়ের পর লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থানেই অক্ষুন্ন কাতালনিয়ার দৈত্যরা। ৩০ রাউন্ড শেষে ৭৪ পয়েন্ট তাদের। সমান সংখ্যক ম্যাচে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭০ পয়েন্ট। তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থলেতে ৬৫ পয়েন্ট। বার্সা-রিয়ালের সমান ৩০টি ম্যাচ খেলেছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও। টেবিলের পরের দুটি স্থান ভ্যালেন্সিয়া ও সেভিয়ার।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গোলের জন্য ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সার। মাঝ মাঠে বল পেয়ে প্রতিপক্ষের বক্সের ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েন মেসি। এরপর অবিশ্বাস্য এক রামধনু ফি-কিকে গোল আদায় করে নেন। বিরতি থেকে ফিরে খেলার ৫৫ মিনিটে স্কোরলাইন ২-০ করেন সুয়ারেজ। সাবেক লিভারপুল তারকার গোলটিও এসেছে বক্সের বাইরের বুলেট এক শটে।

এরপর জেরার্ড পিকের বদলে এদিন দলে সুযোগ পাওয়া মার্ক বার্তা দলকে আরো এগিয়ে নেন। জাভি হার্নান্দেজের নেয়া কর্নার কিক থেকে জোরালো হেডারে স্বাগতিক সমর্থকদের আরেকবার উল্লাস করার সুযোগ এনে দেন লা মাসিয়া গ্রাজুয়েট। সেটা খেলার ৭৫ মিনিটের ঘটনা। শেষে ফিনিশিং টাস সুয়ারেজময়। ইনজুরি সময়ে পেদ্রো রদ্রিগেজের নিঃস্বার্থ এক পাসে দলের শেষ গোলটি করেন বার্সার নাম্বার নাইন।

বুধবার লুইস এনরিকের শিষ্যদের এই জয়ে টানা ছয় জয় হলে গেল বার্সার। ফেব্রুয়ারির ২১ তারিখে মালাগার কাছে হারের পর গ্রানাডা, রায়ো ভায়োকানো, এইবার, রিয়াল মাদ্রিদ ও  গ্রানাডাকে হারিয়েছে বুলাগ্রানারা। সর্বশেষ বার্সার শিকার হল আলমেরিয়া।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়