পাকিস্তান সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা
ঢাকা: আসন্ন পাকিস্তান সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন রনি তালুকদার। তাছাড়া অনেক দিন বাদে দলে ফিরেছেন পেসার আবুল হোসেন রাজু। স্কোয়াডের বাকি সদস্যরা সবাই বিশ্বকাপের দলে ছিলেন। অবশ্য বাজে পারফরম্যান্সের জেরে কপাল পুড়েছে ইমরুল কায়েসের।
বুধবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা শেষে বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন,“বিশ্বকাপে যারা ভালো খেলেছে তাদের নিয়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয়েছে। ওপেনার এনামুল হক বিজয় এখনও পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত নয়। অন্যদিকে ইমরুল কায়েস ফর্মে না থাকায় তরুণ ওপেনার রনি তালুকদারকে আমরা সুযোগ দিয়েছি। সাম্প্রতিক সময় রনি ভালো ক্রিকেট খেলছে। আশা করছি পাকিস্তান সিরিজে ভালো করবে দল।”
বিশ্বকাপের স্কোয়াডে থাকা তাইজুল ইসলামের বাদ পড়া নিয়ে ফারুক বলেন,“তাইজুল অনেক ভালো খেলোয়াড়। কিন্তু আমাদের দলে কেবল একজন মাত্র স্পেশালিস্ট স্পিনারের প্রয়োজন ছিল। সেই কারণে প্রথম দুই ম্যাচে তাকে দলে রাখা হয়নি। তাছাড়া পেসার আল আমিন হোসেন ভাল ফর্মে নেই। যে কারণে আমরা অনেক দিনের অভিজ্ঞ ক্রিকেটার আবুল হাসান রাজুকে সুযোগ দিয়েছি। সব মিলিয়ে পাকিস্তানের দলটি অনেক ভাল হয়েছে। আমরা জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের সাথে আলোচনা করেই দল চূড়ান্ত করেছি।”
প্রথম দুই ওয়ানডের ১৪ সদস্যের স্কোয়াড:
রনি তালুকদার, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আবুল হোসেন রাজু, রুবেল হোসেন ও আরাফাত সানি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








