বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
দু-এক দিনের মধ্যেই বাংলাদেশের দল ঘোষণা
ঢাকা: আগামী ১৭ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এজন্য বিশ্বকাপ দলকে ভিত্তি ধরে দল গোছগাছের কাজটা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। দু-এক দিনের মধ্যে চূড়ান্ত দল ঘোষণাও আসবে। বুধবার জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার পাকিস্তান সিরিজের দল ঘোষণা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, “বিশ্বকাপে যে দল খেলেছে পাকিস্তান সিরিজেও প্রায় সেই একই দল খেলবে। আসলে বিশ্বকাপে এতো ভালো পারফরম্যান্স করার পর সেই দল পরিবর্তন করাটা মোটেও উচিত হবে না। তাছাড়া আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটা ক্রিকেটারদের সঙ্গেও এক ধরণের প্রতারণা হবে।”
পাকিস্তান সিরিজের জন্য কবে দল ঘোষণা আসতে পারে এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন,“পাকিস্তান সিরিজ আমাদের হোম সিরিজ। তাই পাকিস্তান সিরিজের জন্য দু-একদিনের মধ্যেই আমরা প্রথম দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করব। পরের ম্যাচগুলোর জন্য ম্যাচ বাই ম্যাচ দল ঘোষণা করা হবে।” প্রধান কোচ হাথুরুসিংহের বিষয়ে চানতে চাইলে তিনি বলেন,“কোচ যা বলেছে সেটা ঠিক হয়নি। এ বিষেয়ে বিসিবি কথা বলবে আমার কিছুই বলার নেই।”
বিশ্বকাপে বাংলাদেশের দল: তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম। এছাড়া পরিবর্ত খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলেছেন শফিউল ইসলাম ও ইমরুল কায়েস।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








