News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১১, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩২, ১৯ জানুয়ারি ২০২০

টানা তৃতীয় জয় অ্যাটলেটিকোর

টানা তৃতীয় জয় অ্যাটলেটিকোর

ঢাকা: মাদ্রিদ ডার্বির আগে আবার জ্বলে উঠছে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ডিয়াগো সিমিওনের শিষ্যরা। মঙ্গলবার ঘরের মাঠ ভিসেন্ত ক্যালদেরন স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে তারা।

এই জয়ে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের আরো কাছে অ্যাটলেটিকো। ৩০ রাউন্ড শেষে ৬৫ পয়েন্ট লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। টেবিলের তৃতীয় স্থানে তারা। এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে লিগ লিডার বার্সেলোনার ঝুঁলিতে ৭১ পয়েন্ট।

এদিন ঘরের মাঠে ম্যাচের দুই মিনিটেই এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। স্পেন মিডফিল্ডার কোকের নেয়া কর্নার কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মিখেল গঞ্জালেস মার্টিনেজ। এরপর ঘড়ির কাঁটায় ১০ মিনিট অতিক্রান্ত না হতেই স্কোরলাইন ২-০ করেন অ্যান্টোনিও গ্রিজম্যান।

আগামী ১১ এপ্রিলে স্প্যানিশ লা লিগার ম্যাচে মালাগার বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো।  সেই অ্যাওয়ে ম্যাচ খেলে তিন দিন বাদে চ্যাম্পিয়নস লিগের দ্বৈরথে গা ভাসাবে তারা। ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদের পরীক্ষা নেবে ভিসেন্ত ক্যালদেরনের অধিবাসীরা। প্রসঙ্গত, লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ড্র করার পর গেটাফে ও কর্ডোবাকে হারিয়েছে অ্যাটলেটিকো।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়