সংবর্ধনায় আবেগাপ্লুত রিয়াদ
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার ও বিশ্বকাপ নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজ জেলা ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় তাকে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
নিজ এলাকার ভক্তদের উদ্দেশে তিনি বলেন,“সামনে পাকিস্তানের সঙ্গে আমাদের সিরিজ। দলের জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন।”
তিনি আরও বলেন,“অনেক কথাই বলতে চাচ্ছি। বলতে পারছি না। সত্যিই আমি এর আগে কখনও এ ধরনের পরিস্থিতিতে পড়িনি। আপনারা সব সময়ে আমাদের পাশে থাকবেন। আমরা যেন দেশের হয়ে আরও ভাল খেলতে পারি।”
অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে প্রিয় ক্রিকেট তারকাকে কাছে পেয়ে উন্মাদনায় খেই হারিয়ে ফেলেন দর্শকরা। রিয়াদকে মঞ্চে পেয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হুমড়ি খেয়ে পড়েন।
এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বাংলাদেশের জন্য অনন্য গৌরব বয়ে আনায় মাহামুদুল্লাহ রিয়াদের জন্য একটি নতুন বাড়ি তৈরির জায়গা দেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন। তার এ অনুরোধকে ব্যাপক করতালির মাধ্যমে উপস্থিত দর্শকরা স্বাগত জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) আবু আহাম্মদ আল মামুন, রিয়াদের বাবা ওবায়েদ উল্লাহ, বড় ভাই এমদাদুল্লাহ রাজু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








