ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাশরাফি
নড়াইল: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মতুর্জা নিজ জেলা নড়াইলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে তার সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রাণ গ্রুপের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা ও নড়াইলের ১০ টি সংগঠন এ অনুষ্ঠান আয়োজন করে।
মঙ্গলবার বিকেলে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়।
মাশরাফি বিকেল চারটায় ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠে নামেন। সেখান থেকে তাকে কয়েকশ মটর সাইকেল, গাড়ি, হাতি ও ঘোড়ার গাড়ির সমন্বয়ে শোভাযাত্রাসহ স্কুল মাঠে নেওয়া হয়।
এ সময় নড়াইলের কৃতী সন্তানকে এক নজর দেখার জন্য রাস্তার দুপাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার নারী, পুরুষ, শিশু-কিশোর দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানায়। খোলা জিপে থাকা মাশরাফিও হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।
মাশরাফির স্মৃতি বিজড়িত স্কুল মাঠেই বিকেল পাঁচটায় ফুল দিয়ে বরণ করে নেন নড়াইলের হাজার হাজার মানুষ। মানুষের পদচারণায় নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
তারা মাশরাফিকে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা প্রশাসক আ. গাফ্ফার খান, নড়াইল জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মাশরাফি বিন মতুর্জার পিতা গোলাম মতুর্জা স্বপন, নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এফকে/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








