News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

প্রধান কোচকে সতর্ক করল বিসিবি!

প্রধান কোচকে সতর্ক  করল বিসিবি!

 

ঢাকা: ২০১৫ বিশ্বকাপ নতুন করে চিনিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলে নক আউটের স্বপ্ন পূরণ করে টাইগাররা। কিন্তু ক্রিকেটযজ্ঞে মাশরাফি বাহিনীর এমন দুরন্ত পারফরম্যান্সের পরও বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে নির্বাচকদের সমালোচনা করেছিলেন চন্দ্রিকা হাথুরুসিংহে। জানিয়েছিলেন সেরা স্কোয়াড হলে আরো ভালো ফল করতে পারত টাইগাররা। এমন বক্তব্যে জাতীয় দলের প্রধান কোচকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের বিপক্ষে অনেক কথাই বললেন দুর্জয়। তিনি বলেন, “প্রধান কোচ এগুলো বলতে পারেন না। উনি যা বলেছেন তা বিসিবির আচরণবিধির লঙ্ঘন। দল নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচকরা প্রথমে নাম পাঠায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে। এরপর বোর্ড সভাপতির চূড়ান্ত অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হয়। এক্ষেত্রে তার বলা কথাগুলো অবশ্যই বিসিবি ও বিসিবির সভাপতির বিরুদ্ধে।”

এর আগে বিশ্বকাপের দল নিয়ে কোচ হাথুরুসিংহে অভিযোগ তুলেছিলেন,বিশ্বকাপের দলটি খুব ভালো হয়নি। ভালো দল হলে বিশ্বকাপে আরও বেটার কিছু করতে পারত টাইগাররা। আসলে হাথুরুসিংহে বিশ্বকাপ দলে জোবায়ের হোসেন লিখনকে চেয়েছিলেন। কিন্তু বিসিবির নির্বাচক প্যালেন জুবায়েকে অনুমোদন দেয়নি। কোচের সেই অভিযোগের জবাবে দুর্জয় বলেন,“নির্বাচকদের স্বাধীন ভাবে করতে দিতে হবে। কোচের সঙ্গে আলোচনা করেই নির্বাচকরা সিদ্বান্ত নেন। সে ক্ষেত্রে কোচ ও নির্বাচকদের মধ্যে মতের মিল সব সময় নাও হতে পারে। তাই এটা নিয়ে এভাবে বলাটা ঠিক হয়নি।”

কোচ ও নির্বাচকদের কাজ নিয়ে দুর্জয়ের বক্তব্য,“আমি ব্যক্তিগতভাবে মনে করি, যার যে কাজ তাকে সেই কাজ করতে হবে। সবার প্রটোকল মেনে চলা উচিত। তাছাড়া এই বিষয়টাতে খেলোয়াড়দের লাভ-ক্ষতির ব্যাপারও জড়িতও। কারণ কোনো খেলোয়াড়ের পক্ষে বা বিপক্ষে কিছু বললে তাদের মনে বিরূপ প্রভাব ফেলে।”

প্রধান কোচকে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়ার অংশ করার মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব কিনা এমন প্রশ্নে দুর্জয়ের সাফ জবাব, “কোচ যদি নির্বাচকের অংশ হতে চায় তাহলে বিষয়টা হয় আমাকে, নতুবা বোর্ডকে জানাতে হবে। মিডিয়াকে বললে তো সমস্যার সমাধান হবে না। আমাদের কাছে বলতে হবে। তখন আমরা চিন্তা করব।” কোচের বক্তব্য নিয়ে বিসিবির এ পরিচালক আরও বলেন,“এটা কোচের ব্যক্তিগত ব্যাপার। তার অদক্ষতা বলব আমি। এভাবে কথা বলা কোনো ভাবেই কোচের উচিত নয়। এটা দলের জন্য ইতিবাচক নয়।”

বিশ্বকাপ শেষ হওয়ার পর কোচের এ বক্তব্য দলীয় পারফরম্যান্সকে খাটো করেছে কিনা এমন প্রশ্নে দুর্জয় বলেন,“ছোট করার চেয়েও আমার মনে হয় তার ব্যক্তিগত কৃতিত্বটাকে বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর বলে দিয়েছি, আমার কমিটির কথা অন্য কমিটিতে বলে কোন ফল পাওয়া যাবে না। বিষয়টা নিয়ে যদি বোর্ড সভাপতির কাছে যাওয়ার প্রয়োজন মনে করি তাহলে তাই করব। বিষয়টা নিয়ে তাকে চেইন অব কমান্ড মেনে চলার জন্য বলা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়