News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৮, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১৩:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০

মাথায় জিদ চাপলে সব কিছুই হয়: রুবেল

মাথায় জিদ চাপলে সব কিছুই হয়: রুবেল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের সেরা পেসার রুবেল হোসেন এবার মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। জাতীয় দলের ঝড়ো পেসার এবার টেলি কমিউনিকেশন কোম্পানি রবির নতুন বিজ্ঞাপনেও ঝড় তুলবেন।

রবির নতুন বিজ্ঞাপনে ‘জ্বলে উঠুন আপন শক্তিতে’ চরিত্রে তাকে দেখা যাবে টিভি পর্দায়। মডেল হিসেবে জাতীয় দলের পেসার রুবেলের প্রথম কাজ এটি। পাশাপাশি, রবিও বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথমবারের মতো কোনো ক্রিকেটারকে বেছে নিল। মঙ্গলবার ৭ এপ্রিল থেকে বিএফডিসিতে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শুরু হয়েছে।

বিশ্বকাপের আগে হঠাৎ করেই নবাগত অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জের ধরে আলোচনায় আসেন রুবেল। পরবর্তীতে বিশ্বকাপে ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে ক্রিকেটভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়ে তার নাম।

মঙ্গলবার বিএফডিসিতে রবির বিজ্ঞাপন নিয়ে রুবেল বলেন, “রবির সাথে কাজ করতে পেরে আমি খুশি। আমি মডেল হচ্ছি বা হবো, এসব নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি রবির সাথে কাজ করে আনন্দ পাচ্ছি। আমার প্রফেশন ও আমার লক্ষ্য ক্রিকেট। তবে এ রকম কোনো অফার এলে কাজ করতে পারি।”

বিশ্বকাপ নিয়ে রুবেল বলেন, “আসলে বিশ্বকাপ নিয়ে আমার নিজের স্বপ্ন ছিলো, বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিলো। বিশ্বকাপে আমরা সফল হয়েছি। আমি সবসময় দেশের ও দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। বিশ্বকাপে ভালো করে বিজ্ঞাপনে কাজ করবো এমন চিন্তা ছিলো না।”

নিজের পারফরম্যান্স নিয়ে জাতীয় দলের ডানহাতি এ পেসার বলেন, “বিশ্বকাপ ভালো একটা টুর্নামেন্ট গেছে, এখন বিসিএল হচ্ছে। এটা আমাদের সবার জন্যই ভালো হচ্ছে। বিশ্বকাপের পারফরম্যান্স ধরে রাখতে সুবিধা হবে। সামনে বড় সিরিজ আছে, পাকিস্তান সিরিজের আগে আরও কয়েক দিন সময় পাব। ব্যক্তিগতভাবে পাকিস্তানের সাথে ভালো খেলার প্রস্তুতি নিচ্ছি।”

পাকিস্তানের পেসার ও বাংলাদেশের পেসারদের মধ্যে এগিয়ে কারা এমন প্রশ্নে রুবেল বলেন, “আমাদের দলের পেস আক্রমণ অনেক ভালো। আমাদের ভালো ভালো পেসার আছে। এটা আমরা বিশ্বকাপে প্রমাণ করেছি। পাকিস্তান আসছে, সামনে আরও অনেকগুলো বড় দল আসবে। ভালো করার জন্য আমাদের সবার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”

সাকিব বলেছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ভালো করবে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? এমন প্রশ্নে রুবেল বলেন, “সাকিবের সাথে আমিও একমত, আমরা কিন্তু এখন আগের সেই দল না। আমরা সেটা প্রমাণ করেছি, বাংলাদেশ অনেক বদলেছে। আমাদের দলের অনেক ভালো ব্যাটসম্যান আছে। আমরা এগুলো পাকিস্তানের ম্যাচে শো করবো।”

বিশ্বকাপের আগে নিজের ঝামেলা এরপর বিশ্বকাপে খেলা, এখন বিজ্ঞাপন। এতো ঘটনার মধ্যে নিজের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। চ্যালেঞ্জ নিতে আমরা ভালো লাগে। আমি যখনই বাংলাদেশের হয়ে খেলি, তখনই আমার চিন্তা থাকে বাংলাদেশের হয়ে কিছু একটা করবো। বিশ্বকাপে চেষ্টা করে ভালো কিছু করে দেখিয়েছি। আল্লাহ আমাকে হেল্প করেছে। বাংলাদেশের মানুষ আমাকে দোয়া করেছে। বাবা মায়ের দোয়া ছিলো তাই আমি সফল হয়েছি।”

সিনেমার অফার এলে করবেন কি না, এমন প্রশ্নে রুবেল বলেন, “না, এ রকম কোনো চিন্তা-ভাবনা নেই।”

রবির বিজ্ঞাপনে কাজের প্রসঙ্গে তিনি বলেন, “আমি একজন ক্রিকেটার। এখানেও আমার রোল একজন ক্রিকেটার হিসেবে নিজেকে তুলে ধরা। বিজ্ঞাপনে আমি নিজেকে ক্রিকেটার হিসেবেই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।”

বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে ম্যাচেরও ওই ওভারটার কথা তুলতেই রুবেল বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে সেই ওভারটা আমার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। বলতে পারেন সেই ওভারটা আমাদের দলের ও দেশের জন্য একটা ভাইটাল ওভার। মাশরাফি ভাই, আমার হাতে যখন বল দিয়ে বলেছিলো ‘তুই কিছু একটা কর’। আমি সে সময় সফল হতে পেরেছি।”

তিনি বলেন, “সেই ওভারটার কথা মনে হলে এখনও আমার কাছে অনেক ভালো লাগে। কিছু একটা করতে পেরেছি। বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলেছে। সেই সময় যদি আউট না হতো। তাহলে ম্যাচের রেজাল্ট হয়তো বদলে যেত। আমার কাছে খুবই ভালো লাগে। সেই দুটি বলই বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে খেলিয়েছে। আমি আসলে খুবই খুশি।”

কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে নো বল সম্পর্কে রুবেল বলেন, “এটা নিয়ে আমি তেমন কিছু বলবো না, কারণ আমি একজন ক্রিকেটার। এটা নিয়ে আমার বলার কিছুই নেই। এটা একেবারেই আম্পায়ারের সিদ্ধান্ত। অবশ্যই নিজের কাছে কিছু খারাপ লাগে।”

বিশ্বকাপের আগের রুবেল আর এখনকার রুবেলের মধ্যে পার্থক্য জানতে চাইলে তিনি বলেন, “পরিবর্তন বলতে কিছুই নেই। আমি আসলে অনুশীলনে অনেক বেশি সময় দিয়েছি। বিশেষ করে আমি নেটে অনেক বেশি সময় দিয়েছি, এখন অনেক বেশি বোলিং করি, তাই হয়তো নিজের পরির্তন হয়েছে।”

বোলিংয়ে হঠাৎ এভাবে ঝলসে ওঠার শক্তির উৎস জানতে চাইলে রুবেল বলেন, “ক্রিকেটে ভালো করার মেইন বিষয় হলো নিজের মনের ইচ্ছা শক্তি। মাথা থেকে সব চিন্তা বাদ দিয়ে ভালো কিছু করার জিদ চাপলে ও চেষ্টা করলে সব কিছুই করা যায়।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়