‘অহংকারী ধোনি কাঙাল হবে, তাকে ভিক্ষায় নামতে হবে’
মহেন্দ্র সিং ধোনি একদিন কাঙালে পরিণত হবে এবং তাকে ভিক্ষা করতে হবে! ভারতীয় ক্রিকেটদলের বিশ্বকাপজয়ী কাপ্তান ধোনিকে নিয়ে এই অভিসম্পাতমাখা মন্তব্য ঝেড়েছেন অপর ক্রিকেটার যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং।
হিন্দি পত্রিকা জাগরনের অনলাইন সংস্করণ মঙ্গলবার জানায়, এক টিভি সাক্ষাৎকারে ধোনির ভিক্ষুক বনে যাওয়ার ভবিষ্যৎবাণী করেন যোগরাজ। এর আগেও ধোনিকে বাক্যবাণে ধুয়েছেন যোগবাবু। কিন্তু এবার যেভাবে তিনি বুলির বাণ ছেড়েছেন ধোনির দিকে তা রীতিমত চমকে দেওয়ার মতো। নিজদেশের ক্রিকেট টিমের অধিনায়কের ওপর ক্ষোভ ঝাড়তে গিয়ে যুবির পিতা আরও জানান, তিনি সাংবাদিক হলে ধোনিকে থাপ্পর মেরে দিতেন।
টিভিতে যোগরাজ বলেন, ধোনি আসলে কিছুই ছিল না। মিডিয়ার কারণেই ক্রিকেটে সে ভগবানের মর্যাদা পেয়ে গেছে। মিডিয়া তাকে মহান বানিয়ে দিয়েছে যার যোগ্য সে কখনো ছিলো না। একটা সময় ছিল যাখন সে কিছুই ছিল না কিন্তু এখন সে মিডিয়ার মুখে মুখে। অথচ এই মিডিয়াকেই এখন সে বদনাম করছে। যে মিডিয়া তাকে এতটা উপরে তুলেছে সেই মিডিয়াকে নিয়ে সে এখন বিদ্রুপ করে। সে সেইসব ভারতীয় সমর্থকদের নিয়ে হাসি-ঠাট্টা করে যে সমর্থকরা তার প্রতিটি রানে রানে তালি বাজায়। ঈমানদারির কথা যদি বলি, তবে বলেবো আমি সাংবাদিক হলে ধোনিকে থাপড়াতাম। ধোনি অহংকারী। যেভাবে রাবণের অহঙ্কারের পতন হয়েছে ধোনির সঙ্গেও একদিন তা-ই হবে।
যোগরাজ আরও বলেন, ধোনি নিজেকে রাবণের চেয়েও বড় মনে করে। অন্যান্য খেলোয়াড়রা তার সম্পর্কে আমাকে যা জানিয়েছে, তাতে তার লজ্জা হওয়া উচিৎ। এমন দিন আসবে যখন ধোনি ভিক্ষায় নামতে বাধ্য হবে। তখন তার সাহায্যকারী কেউ থাকবে না।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








