মাশরাফির ঝড়ো ইনিংসে প্রাইম ব্যাংকের জয়
ঢাকা: বিসিএলে প্রথম ম্যাচে আগের দিন মিরপুরে ইসলামী ব্যাংকের হাছে হারলেও সোমবার ফতুল্লায় মাশরাফির ব্যাটিং ঝড়ে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ইস্ট জোন। মাশরাফির ৩৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসে ওয়ালটনকে তিন উইকেটে হারিয়েছেন তারা। ম্যাচ সেরা হয়েছেন মাশরাফি।
ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ২১৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল মাশরাফির প্রাইম ব্যাংক। ৪৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ওপেনার ইমরুল কায়েস মাত্র ৯ রান করে শুভাগত হোমের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন।
এরপর দুই ওপেনারের বিদায়ের পর দলের বাকি ৫০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরেন তারা। নাফিস ২০, মুসাদ্দেক ৫, নূরুল হাসান শুন্য, জিয়াউর রহমান ১১ ও মিঠুন ৩৪ রান করে আউট হন।
৩৯.৫ ওভারে ১৪৩ রানে সাত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা স্পিনার আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে রাতে ফতুল্লায় ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন। জাতীয় দলের সিনিয়র দুই ক্রিকেটারের অসাধারণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত আট বল বাকি থাকতেই সাত ২১৬ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক।
চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কার মারসহ মাশরাফি ৩৩ বল খেলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন।
এছাড়া রাজ্জাক ২১ বলে ২৮ রান করেন। ওয়ালটনের পক্ষে ইলিয়াস সানি সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।
এর আগে ফতুল্লায় টসে জিতে ব্যাট করতে নেমে এদিন শুরু থেকেই রুবেলের বোলিং তোপে পড়ে ওয়ালটন। দলীয় ২০ রানের মাথায় রুবেলের বলে ওপেনার আব্দুল মজিদকে হারায় তারা। ব্যক্তিগত ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর স্পিনার আব্দুর রাজ্জাকের বলে ব্যক্তিগত ১৫ রান করে ক্যাচ আউট হন শামসুর রহমান।
দলীয় ৪৮ রানে দুই উইকেট হারানোর পর রুবেল ও এনামুলের দ্বৈত আক্রমণে আরও চারটি উইকেট হারায় তারা। রনি ১৬, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩১, শুভাগত হোম ৩ ও নাদিফ চোধুরী ২০ রান করে আউট হন।
২৯.১ ওভারে ১২২ রানে ছয় উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন ধিমান ঘোষ। ধিমান শেষ পর্যন্ত ৬৪ রান করে অপরাজিত থাকলেও শেষ মুহুর্তে বল হাতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন রুবেল। জাতীয় দলের এ পেসারের শেষ পর্যন্ত ৪৫.৩ ওভারে ২১৩ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন। ৮.৩ ওভার বল করে ৪২ রান দিয়ে দখল করেছেন পাঁচটি উইকেট। মেডেন নিয়েছেন একটি। এছাড়া আব্দুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট নেন। অধিনায়ক মাশরাফি নেন একটি উইকেট।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








