তারপরও বেকহামের রেকর্ডের কাছাকাছি ডি মারিয়া!
ঢাকা: সাম্প্রতি খারাপ পারফরম্যান্সের জেরে রেড ডেভিল সমর্থকদের কাছে বারবার সমালোচনার শিকার হয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। দলে নিয়মিত সুযোগও মিলছে না তার। কিন্তু তারপরও ক্লাব কিংবদন্তি ডেভিড বেকহামের এক মৌসুমের গড়া অ্যাসিস্ট রেকর্ডের খুব কাছাকাছি রোজিরিওর ফুটবল প্রতিভা।
শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে খেলার ৭০ মিনিটে বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ওয়েন রুনির শেষ গোলটির বলের যোগান দেন ডি মারিয়া। এর মাধ্যমে চলতি মৌসুমে ১০টি অ্যাসিস্ট হয়ে গেল আর্জেন্টাইন নাম্বার সেভেনের। যা ম্যানইউ ক্লাবের রেকর্ড ১৫টি থেকে মাত্র পাঁচ ধাপ দূরে। ডেভিড বেকহাম ১৯৯৯/২০০০ মৌসুমে ১৫টি অ্যাসিস্ট করে ওল্ড ট্রাফোর্ডের দৈত্যদের পক্ষে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন।
২৭ বছর বয়সী ডি মারিয়ার এই পারফরম্যান্স নিয়ে ম্যানইউ ম্যানেজার লুইস ভন গল বলেন, “আমি ইতোমধ্যেই বলেছি দাম টিম সিলেকশনের কোনো মাপকাঠি হতে পারে না। আমি কি সবচেয়ে দামি ফুটবলারদের নিয়ে একাদশ চূড়ান্ত করব? নিশ্চয়ই নয়। এটা তর্কের কোনো বিষয় হতে পারে না। তবে একটি বিষয় হলো, ডি মারিয়া ইতোমধ্যেই ১০ অ্যাসিস্ট করে ফেলেছে। যদিও সে নিয়মিত খেলতে পারছে না। সুতরাং এটাকে ভালোই বলতে হবে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








