‘উদ্দীপ্ত’ শেবাগ আবার ফিরবেন জাতীয় দলে?
ঢাকা: ৩৬ বসন্ত পার করেছেন বিরেন্দ্র শেবাগ।
জাতীয় দল থেকে বাদ পড়েছেন দু বছরের বেশি হলো। এই ফুরসতে নির্বাচকরাও জানিয়ে দিয়েছেন দিল্লির ওপেনারকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। এসব বিবেচনায় ভারতীয় ক্রিকেটে একটা মতামত দাঁড়িয়েই গেছে যে শেবাগের ভারত-অধ্যায় শেষ। কিন্তু আইপিএলেল দল কিংস ইলাভেন পাঞ্জাবের প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার জানাচ্ছেন, উদ্দীপ্ত শেবাগ আবার জাতীয় দলে ফিরতে পারেন।
পুনেতে প্রীতি জিনতার দলের ট্রেনিং ক্যাম্পে শেবাগকে দেখে পাঞ্জাব কোচের ভাষ্য, “হ্যাঁ, অবশ্যই সে ভারত দলে আবার ফিরতে পারে। কারণ সে দারুণ উদ্দীপ্ত। ফিটনেস ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করছে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো সময় কেটেছে তার। উপরন্তু প্রস্তুতি ম্যাচে অবিশ্বস্য পারফর্ম করেছে সে।”
অবশ্য আইপিএলের আসন্ন মৌসুমে পাঞ্জাবের প্রথম একাদশে থাকা শেবাগের জন্য খুব সহজ হবে না। মুরালি বিজয়, মানান ভোরার সঙ্গে সেরা একাদশে জায়গা পেতে লড়াই করতে হবে ৩৬ বছর বয়সী তারকাকে। তবে একটি বিষয় বীরুকে এগিয়ে রাখছে, তা হলো টি-টোয়েন্টিতে তার সাম্প্রতিক ফর্ম। ঘরোয়া লিগে জম্বু ও কাশ্মীর এবং পাঞ্জাব উভয় ম্যাচেই ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন শেবাগ। সাকুল্যে ১২৪ রান এসেছে তার উইলো থেকে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








