মিয়ামির ডাবলস শিরোপা সানিয়া-হিঙ্গিসের
ঢাকা: ইন্ডিয়ান ওয়েলসে খেতাব জেতার পর মিয়ামি ওপেনেও সাফল্য পেল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি।
রোববার মেয়েদের ডাবলসে ৭-৫, ৬-১ সরাসরি সেটে রাশিয়ার একতেরিনা মাকারোভা ও এলেনা ভেসনিনাকে পরাস্ত করে ইঙ্গো-সুইস জুটি। অথচ প্রথম সেটে এক পর্যায়ে ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ডাবলসের তৃতীয় বাছাই জুটি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সানিয়া-হিঙ্গিসরা। সেই তুলনায় দ্বিতীয় সেটে সুবিধা করতে পারেননি রাশান জোড়। ফলে ৬-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সানিয়ারা। এদিন পুরো ম্যাচ শেষ হতে সময় লাগে ৬৬ মিনিট।
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত সানিয়া বলেন, “আমরা পরস্পরকে আশ্বস্ত করে গিয়েছি কোর্টে লড়াইটা উপভোগ করার জন্য।” তবে এই জয়ের জন্য পুরো কৃতিত্বটাই যে সানিয়ার বাবা ইমরান মির্জার সেটা জানিয়েছেন সুইস তারকা হিঙ্গিস। কোর্টে নামার আগে তার পরামর্শকে যে কাজে লাগাতে ভোলেননি সে কথাও নির্দ্বিধায় জানিয়েছেন তিনি। ম্যাচ জয়ের পর হিঙ্গিস বলেন, “আমরা কখনও আত্মবিশ্বাসটা হারাইনি। আর সে কারণেই একটা সময় পিছিয়ে পড়েও আবার ম্যাচের রাশটা নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছি।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








