News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৪, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১১, ১৮ জানুয়ারি ২০২০

বার্সার ঘাম ঝরানো জয়

বার্সার ঘাম ঝরানো জয়

ঢাকা: ইনজুরি থেকে ফিরে পরিচিত ঢঙে খেলতে পারেননি লিওনেল মেসি। সামর্থ্যের প্রমাণ দেখাতে পারেননি নেইমার ও লুইস সুয়ারেজরাও। ফলে চিরচেনা রূপে দেখা যায়নি বার্সেলোনাকেও। রোববার স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে খেলায় ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে ন্যু ক্যাম্পের অধিবাসীরা।

এদিন ভিগোর বালাইদসে রিয়াল মাদ্রিদের ৯-১ ব্যবধানের বড় জয়ের খবর নিয়েই মাঠে নেমেছিল বার্সা। সেজন্য বাড়তি একটা চাপ নিয়েই হয়তো খেলতে নেমেছিল লুইস এনরিকের শিষ্যরা! আর সেই চাপেই কিনা কাবু হয়ে পড়ল সফরকারীরা। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে প্রথম থেকেই নড়বড়ে মনে হয়েছে বার্সাকে। মাঝ মাঠে কোনো নিয়ন্ত্রণ ছিল না। অসংখ্য মিস পাস হচ্ছিল। আক্রমণেও ছিল না প্রাণ। নেইমারকে তার ‘ছায়া’ মনে হয়েছে। সুয়ারেজ ছিল না তার ছন্দে। মেসিকেও নিস্প্রভ রেখেছিল প্রতিপক্ষের ডিফেন্ডাররা।

এই অবস্থায় নিজেদের ২৪ হাজার সমর্থকের সমর্থন নিয়ে ‘ফাঁদে’ পড়া বার্সাকে চেপে ধরেছিল সাহসী সেল্টা ভিগো। ডিরেক্ট ও পাওয়ার ফুটবলে বারবার বার্সার রক্ষণে ত্রাস ছড়াচ্ছিল তারা। কিন্তু চোয়ালবদ্ধ জেরার্ড পিকে ও জেরেমি ম্যাথুউয়ের দৃঢ়তায় শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করা সুযোগ হয়নি তাদের। তবে এর মাঝেও এক পর্যায়ে বার্সার পয়েন্ট হারানোটাকে সময়ের ব্যাপার হিসেবে মনে হচ্ছিল।

এই অবস্থায় সেট পিস থেকে কাঙ্খিত গোলের দেখা পায় কাতালনরা। খেলার ৭৩ মিনিটে জাভি হার্নান্দেজের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে বার্সাকে মূল্যবান তিনটি পয়েন্ট উপহার দেন বার্সার ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথুউ। প্রসঙ্গত, দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিআক্রমণ থেকে দারুণ এক গোল করেছিলেন নেইমার। কিন্তু রেফারি বিতর্কিত সিদ্ধান্তে সেই গোল বাতিল করে দেন।

রোববারের এই জয়ের পরে ২৯ রাউন্ড শেষে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্ট সামনে তারা। সমান সংখ্যক ম্যাচে রিয়ালের সংগ্রহ ৬৭ পয়েন্ট। টেবিলের তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঝুঁলিতে ৬২ পয়েন্ট। এরপর তালিকার চার ও পাঁচে আছে ভ্যালেন্সিয়া ও সেভিয়া।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়