আগামী সপ্তায় টাইগারদের গণ সংবর্ধনা
ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ওঠায় আগামী সপ্তাহে মাশরাফিদের গণ সংবর্ধনার আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ কতটা ক্রিকেট পাগল তা, সারা দুনিয়ার মানুষ দেখেছে। ভারতের সাথে ঐ ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে দেশে বিদেশে সব যায়গাতেই সমালোচনা হয়েছে। তাই ক্রিকেট ভক্তদের জন্যই এ আয়োজন করা হচ্ছে।”
এর আগে অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষে টাইগাররা দেশে ফেরার দিন বিমান বন্দরে হাজারো সাধারণ মানুষের সংবর্ধনায় সিক্ত হয় টাইগাররা।
সংবর্ধনার স্থান ও সময় সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, “বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। যে কারণে সাধারণ মানুষের জন্য ঢাকায় আগামী ৮/৯ এপ্রিল বড় ধরণের সংবর্ধনার আয়োজন করা হবে। ঢাকায় কোথায় ও কখন হবে এ বিষয় নিয়ে আগামী রোববার বিসিবিতে সভা ডাকা হয়েছে।”
এছাড়া তিনি বলেন, “ আসলে ক্রিকেটারদের সংবর্ধনা আগেই দেয়ার কথা ছিল। কিন্তু এ কয়েক দিন (কামালের পদত্যাগ নিয়ে) যা হয়েছে তা নিয়ে খুব বিপদে ছিলাম। গতকাল থেকে কিছুটা ভালো লাগছে। আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।”
বাংলাদেশ বিশ্বকাপে রিয়াদ, মুশফিক অসাধারণ ক্রিকেট খেলেছে। তরুণদের মধ্যে সাব্বির, সৌম্য যেভাবে খেলেছে তাতে বাংলাদেশ আগামী দুএক বছরের মধ্যে অনেক এগিয়ে যাবে। সত্যি বাংলাদেশ বিশ্বকাপে যেভাবে খেলেছে আইসিসি, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বাংলাদেশের প্রশংসা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








