মন্ত্রীও বলছেন, যেও না সাঙ্গা
ঢাকা: সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখিয়ে রঙিন পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন কুমার সাঙ্গাকারা। টি-টোয়েন্টিতে তো ইতোমধ্যেই সাবেক হয়েছেন। এবার টেস্টের পালা।
তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন লঙ্কান ব্যাটিং কিংবদন্তি। কিন্তু সাবেক অধিনায়ককে এখনই হারাতে চাইছে না শ্রীলঙ্কা সরকার। সেজন্য দেশটির ক্রীড়া মন্ত্রী টেস্ট নিয়ে আরেকবার ভাবতে সাঙ্গাকে আকুল নিবেদন জানিয়েছে।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী নভিন দিশানায়েক বলেন, “এখনই যেও না সাঙ্গা, টেস্ট নিয়ে আরেকবার ভাবো। দেশের ক্রীড়া মন্ত্রী হিসেবে আমার চাওয়া, আরো অন্তত একটি বছর দেশের হয়ে খেলে যাও।”
তিনি আরো বলেন, “আমি বিশ্বকাপের সময় কুমারের সাথে কথা বলেছি। সে দেশের ক্রীড়া প্রশাসন নিয়ে কিছুটা হতাশ। কিন্তু এখন তো সেই অবস্থার পরিবর্তন এসেছে। আমার মনে হয় সে নিশ্চয়ই তার সিদ্ধান্ত নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করবে।”
গেল বিশ্বকাপে টানা চারটি সেঞ্চুরি হাঁকিয়ে ১০৮-এর বেশি গড়ে ৫৪১ রান করে ওয়ানডে ক্রিকেটকে বাই বাই বলেন সাঙ্গাকারা। টেস্ট ক্রিকেটেও দাপুটে চরিত্রে সেই সাঙ্গা। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যানও তিনি। কিন্তু টেস্টকেও বিদায় বলার চিন্তা করছেন সাঙ্গা। আর সেটা গত আগস্টের মধ্যেই।
কিন্তু এই বিষয়টি মানতে পারছেন না লঙ্গান ক্রিকেটমোদীরা। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুস সাঙ্গাকারাকে ওয়ানডে নিয়ে ভাবতে বলেছিলেন। আকুতি জানিয়েছিলেন, আরো কিছুটা দিন খেলে যাও। কিন্তু বিনয়ের সঙ্গে সাঙ্গা তা প্রত্যাখ্যান করেন। এবার টেস্ট ক্রিকেটকে সামনে রেখে মন্ত্রীও সেই দলে যোগ দিলেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








