News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২২, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:২২, ২৭ ডিসেম্বর ২০২৫

এমসিজিতে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

এমসিজিতে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার একক আধিপত্যে প্রথম তিন ম্যাচেই নির্ধারিত হয়ে গেছে অ্যাশেজ সিরিজ। তবুও সিরিজ নিয়ে সমর্থকদের উন্মাদনায় ভাটা পড়েনি। তারই প্রমাণ মিলেছে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই, যেখানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বক্সিং ডে টেস্ট দেখতে এমসিজিতে উপস্থিত ছিলেন ৯৪ হাজার ১৯৯ জন দর্শক। এটি এমসিজিতে একদিনে কোনো ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের। সেদিন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৯৩ হাজার ১৩ জন দর্শক।

শুধু টেস্ট ক্রিকেট বিবেচনায় নিলে, মেলবোর্নে আগের রেকর্ডটি ছিল ২০১৩ সালের বক্সিং ডে টেস্টে। ওই ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াই দেখতে উপস্থিত ছিলেন ৯১ হাজার ১১২ জন দর্শক।

তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একদিনে ৯৪ হাজারের বেশি দর্শক উপস্থিতির রেকর্ড সর্বোচ্চ নয়। এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে ভারতের ইডেন গার্ডেন্স। ১৯৯৮–৯৯ মৌসুমে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে একদিনে এক লাখেরও বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফুটবলের ‘পিকাসো’ জন রবার্টসন আর নেই

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে আগেই অ্যাশেজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টেও লড়াইয়ে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। বোলারদের দাপটে ম্যাচের প্রথম দিনেই পড়েছে মোট ২০ উইকেট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৫২ রানে অলআউট হলে, জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪ রান করে অস্ট্রেলিয়া, লিড নেয় ৪৬ রানের।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়